আওয়ামী লীগের নির্বাচনী ব্যয় আড়াই কোটি টাকা
দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ব্যয় হয়েছে প্রায় আড়ায় কোটি টাকা৷ গতকাল বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়৷
গতকাল আরও চারটি দল নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়৷ এগুলো হলো জাসদ, জাতীয় পার্টি-জেপি, ন্যাপ ও বিএনএফ৷
২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ব্যয় ছিল তিন কোটি ৬০ লাখ টাকার মতো৷ তবে এবার বিএনপি সংসদ নির্বাচন বর্জন করায় ১৫৩টি আসনে কোনো ভোট হয়নি৷ এসব আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন৷ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ১৪৭টি আসনে৷
গতকাল আওয়ামী লীগর দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলামের কাছে দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেন৷ এ সময় আবদুস সোবহান সাংবাদিকদের জানান, নির্বাচনে দলের ব্যয় হয়েছে দুই কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৭১২ টাকা৷
কমিশন সচিবালয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা, দলীয় সভানেত্রীর সভা-সমাবেশ-মিছিল, বিজ্ঞাপন ও অন্যান্য খাতে এই ব্যয় দেখানো হয়েছে৷
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার নিয়ম থাকলেও কোনো দল নির্ধারিত সময়ে তা জমা দেয়নি৷
পরে কমিশন ৪ এপ্রিল দলগুলোকে সতর্ক করে ৩ জুনের মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে বলে৷ তবে এ দফা কোনো দল ব্যর্থ হলে সেই দলটিকে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে পরবর্তী ১৫ দিনের মধ্যে হিসাব জমা দিতে হবে৷ তা না হলে কমিশন সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিল করতে পারবে৷
এবারের নির্বাচনে মোট ১২টি দল অংশ নিয়েছিল৷ এর মধ্যে গতকাল পর্যন্ত মোট পাঁচটি দল ব্যয়ের হিসাব দিয়েছে৷