২০০১ সালে নির্বাচন পরবর্তী সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতা-কর্মী নির্যাতনে বিএনপির কোনো নেতা জড়িত নয়। কিন্তু আওয়ামী লীগ সরকার ভোলার দুই কেন্দ্রীয় নেতাসহ চারদলীয় জোট সরকারের ২৬ জন মন্ত্রীসহ ২৬ হাজার ২৫১ জন নেতা-কর্মীকে অভিযুক্ত করেছে। যা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। গত মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থানীয় নেতারা এ দাবি করেন।তাঁরা আরও দাবি করেন, সরকারবিরোধী আন্দোলনকে নসাৎ করতে সরকার নতুন এক কৌশল হাতে নিয়েছে। সংবাদ সম্মেলন শেষে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সদর রোডে বিক্ষোভ মিছিল ও বরিশাল দালান চত্বরে পথসভা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী। তিনি বলেন, ২০০১ সালে কিছু সুবিধাবাদী পূর্বশত্রুতার জের ধরে সহিংস ঘটনা ঘটিয়েছে। এর সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা জড়িত নন। জেলা বিএনপির সভাপতি অভিযোগ করেন, একটি তদন্ত প্রতিবেদন তৈরি হবে সরেজমিনে পক্ষ-বিপক্ষ ও সাক্ষীর উপস্থিতিতে। ভোলায় যিনি তদন্ত করতে এসেছেন তিনি সার্কিট হাউসে শুয়ে-বসে আরাম করেছেন। মিথ্যা অভিযোগের ভিত্তিতে গড়া প্রতিবেদনে দলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজ উদ্দিন আহাম্মেদ ও কেন্দ্রীয় বিএনপির সদস্য হাফিজ ইব্রাহীমকে জড়ানো হয়েছে। এই নেতারাই সরকারবিরোধী আন্দোলনে জনগণের পক্ষে লড়ছে। ভোলা শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো .ফারুক মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, ছাত্রদল সভাপতি খন্দকার আল-আমিন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।