জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আগে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সশস্ত্র মহড়া চলছে। বিরোধী দল-সমর্থিত প্রার্থীদের ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারেন, সে জন্য সন্ত্রাসীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন। তাঁর দাবি, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনের আগ মুহূর্তে সাতক্ষীরার কলারোয়ায় দলীয় লোকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের সাতকানিয়া, কক্সবাজারের কুতুবদিয়া, চুয়াডাঙ্গা জেলার জীবননগরসহ বিভিন্ন উপজেলায় গণহারে গ্রেপ্তার চালানো হচ্ছে।
বিবৃতিতে সন্ত্রাসী তাণ্ডব ও গণগ্রেপ্তার বন্ধ করতে সরকারের প্রতি এবং সরকারি ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে জামায়াতসহ বিরোধী দল-সমর্থিত প্রার্থীদের জয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।