রাজধানীর মালিবাগে আওয়ামী লীগের এক স্থানীয় নেতার বাড়িতে ডাকাতি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে ওই বাড়ি থেকে ডাকাতেরা প্রায় ১৫০ ভরি সোনাসহ বেশ কিছু মূল্যবান মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক গৃহপরিচারিকাকে গ্রেপ্তার করেছে।রামপুরা থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিন-চারজন মুখোশধারী ডাকাত পেছনের দরজা দিয়ে মালিবাগ চৌধুরীপাড়ার ২৪/বি দোতলা বাড়িটির দ্বিতীয় তলার ফ্ল্যাটে ঢোকে। বাড়িটির মালিক আলী নেওয়াজ খান একজন ব্যবসায়ী। তিনি দোতলায় থাকেন। ডাকাতেরা আলী নেওয়াজের স্ত্রী, মা ও তিন সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে হাত বেঁধে আটকে রাখে। এরপর তারা আলমারির চাবি নিয়ে প্রায় ১৫০ ভরি সোনা, ৭৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, দুটি ডিজিটাল ক্যামেরা এবং বেশ কিছু কাপড়চোপড় লুট করে নিয়ে যায়।পুলিশ জানায়, আলী নেওয়াজ খান ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। পেছনের দরজার ভেতর থেকে লাগানো ছিটকিনি ভাঙা হয়নি। দরজায় কোনো আঘাতের চিহ্ন নেই। তাই মনে করা হচ্ছে, কেউ ভেতর থেকে দরজা খুলে দিয়েছে।রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কোনো দরজা-জানালা ভাঙা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ভেতর থেকে কেউ একজন দরজা খুলে দিয়েছে। তাই জড়িত সন্দেহে বাড়ির পরিচারিকা সালমাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। সালমা মাস খানেক আগে ওই বাসায় কাজ করা শুরু করেন। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়েছে।