আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে যুবলীগের নেতার বাবার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লাসহ ৩০ ব্যক্তির বিরুদ্ধে শুক্রবার দিবাগত রাতে রায়পুর থানায় মামলা হয়েছে।দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহজালাল রাহুলের বাবা আবদুর রশিদ বাদী হয়ে এই মামলাটি করেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সন্ত্রাসী বাহিনী নিয়ে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহজালাল রাহুলসহ নেতা-কর্মীদের কুপিয়ে জখম করার অভিযোগে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আওলাদ হোসেন ভূঁইয়ার আদালতে গত বৃহস্পতিবার বাদী অভিযোগ দাখিল করেন।আদালত রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা রুজু করতে নিদের্শ দেন। মামলার বাদীর ভাষ্যমতে, ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিমের নেতৃত্বে সিনিয়র নেতারা ২২ জুলাই এলকেএইচ উপকূলীয় উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে তদন্তে আসেন।এ সময় খবর পেয়ে চরাঞ্চলের নিরীহ লোকজন ওই বিদ্যালয়ে জড়ো হয়। এতে ক্ষিপ্ত হয়ে আবদুর রশিদ মোল্লা, তাঁর ছেলে জাকির মোল্লা ও মনির মোল্লার নেতৃত্বে ৩০-৩৫ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে যুবলীগের নেতা রাহুলের লোকজনের ওপর হামলা চালায়। এতে ১০-১২ ব্যক্তি রক্তাক্ত জখম হয়। পরদিন ২৩ জুলাই ওই ইউনিয়নের মিয়ারহাটে আবদুর রশিদ মোল্লার নেতৃত্বে আবার একদল সন্ত্রাসী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহজালাল রাহুল, আওয়ামী লীগের নেতা আমিন বেপারীসহ পাঁচ-ছয়জনকে উপর্যুপরি কুপিয়ে জখম করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপপরিদর্শক শামছুল হক বলেন, আসামিদের গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।