বাবা-ছেলেকে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ৬৪ জনকে আসামি করে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক আব্দুল হান্নান বলেন, মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোগেনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মংশেপ্রু চৌধুরী অপু, সদর ইউনিয়ন পরিষদের সদস্য কালিবন্ধু ত্রিপুরাসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে খোগেনেশ্বরও জেলা পরিষদের সদস্য। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ব্রত ত্রিপুরা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি বলেন, মামলায় পরিবারের নারী সদস্যকে গণধর্ষণের অভিযোগও আনা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে সদর ইউনিয়নের থলিপাড়ায় বাবা ও ছেলেকে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হন পরিবারের দুই নারী সদস্য। জমি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কালিবন্ধু ত্রিপুরার সঙ্গে বিরোধ ছিল পরিবারটির।
এদিকে বাবা-ছেলেকে হত্যার ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে জেলা আওয়ামী লীগের একাংশ। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, ঘটনাটি পারিবারিক দ্বন্দ্বের কারণে হয়েছে। অথচ খাগড়াছড়ির শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে একটি মহল অপরাজনীতির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।