আওয়ামী লীগের নেত্রীরআত্মীয় বলে কথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আওয়ামী লীগের নেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের এক আত্মীয়কে গ্রেপ্তার করায় আওয়ামী লীগের একাংশের তোপের মুখে পড়েছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তাঁর বিরুদ্ধে গত বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগের একটি অংশ।স্থানীয় সুত্রে জানা গেছে, ধুনট উপজেলার বিলচাপড়ী এলাকায় বাঙ্গালী নদীতে আট কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় গার্ডার দেবে এটি ক্ষতিগ্রস্ত হয়। গত বুধবার বিকেলে ধুনট থানার ওসি তোজম্মেল হক বালু উত্তোলনকারী রবিউল ইসলামকে আটক করেন। রবিউল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সেচ্ছাসেবক লীগের নেত্রী নাজনিল নাহারের ভাগনে। নাজনিল নাহার ওসির কাছে ভাগনেকে আটকের বিষয়টি জানতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রবিউলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এতে নাজনিল নাহার ও উপজেলা আওয়ামী লীগের নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বৃহস্পতিবার বিকেলে তাঁরা মিছিল শেষে বাজার এলাকার জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করেন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, ভাইস চেয়ারম্যান নাজনিল নাহারসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বক্তব্য দেন। বক্তারা তিন দিনের মধ্যে ওসিকে বদলি না করা হলে লাগাতার আন্দোলনের কর্মসূচি নেওয়ার হুমকি দেন।নাজনিল নাহার বলেন, ওসির কাছে রবিউলকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার করেছেন। এই ওসি সাবেক মন্ত্রী (বিএনপির নেতা) রহুল কুদ্দুস তালুকদারে নিকটাত্মীয়। তিনি ধুনট উপজেলা আওয়ামী লীগের নেতাদের ধ্বংসের ষড়যন্ত্র করছেন। তাই তাঁকে তিন দিনের মধ্যে ধুনট থানা থেকে চলে যেতে হবে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র এ জি এম বাদশা এ বিষয়ে বলেন, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওসির বিরুদ্ধে কোনো বিক্ষোভ মিছিল হয়নি। বালু উত্তোলনকারী রবিউল নাজনিল নাহারের আত্মীয়। ওসি তাঁকে আটক করায় নাজনিলের অনুসারীরা এ বিক্ষোভ মিছিল করেছেন।ওসি এ বিষয়ে বলেন, ‘আমি সরকারি চাকরি করি। তাই সরকারের মালামাল রক্ষার দায়িত্ব আমার রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করায় নির্মাণাধীন সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বালু উত্তোলকারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।’ধুনটের বাঙ্গালী নদীতে নির্মাণাধীন সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে বৃহস্পতিবার প্রথম আলোয় ‘নির্মাণাধীন সেতুর দুটি পিলার দেবে গেছে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।