আওয়ামী লীগের পথের কাঁটা বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মতো তৃতীয় ধাপে আজ শনিবার শেরপুর সদর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চারটিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তাঁরা নির্বাচনে দলীয় প্রার্থীর পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারেন বলে ভোটাররা মনে করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সদর উপজেলার চরশেরপুর, কামারেরচর, চরমোচারিয়া, চরপক্ষীমারী, বলাইয়েরচর ও লছমনপুরে নির্বাচন হচ্ছে। গত বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকাগুলো প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখরিত ছিল।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা গেছে, সদরের চরশেরপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী খন্দকার নজরুল ইসলামের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন বিদ্রোহী প্রার্থী খন্দকার হাবিবুর রহমান ও মো. আনোয়ার হোসেন। এ দুজনের মধ্যে হাবিবুর রহমান নজরুলের আপন ভাতিজা। বলাইয়েরচর ইউপিতে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী দুলাল উদ্দিন মোল্লাহ। একই দলের তিন বিদ্রোহী প্রার্থী হলেন মো. ইয়াকুব আলী, জাহাঙ্গীর আলম ও জয়নাল আবেদীন। লছমনপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মিনহাজ উদ্দিদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. সেলিম মিয়া। আর চরমোচারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. খোরশেদুজ্জামানের বিরুদ্ধে এস এম সাব্বির আহমেদ বিদ্রোহী হিসেবে লড়ছেন।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কামারেরচর ও চরপক্ষীমারী ইউপিতে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা ভালো অবস্থানে আছেন। কিন্তু অন্য চারটি ইউপিতে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় আওয়ামী লীগের ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং নির্বাচনী বৈতরণি পার হতে তাঁদের বেশ বেগ পেতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, এলাকায় জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আবেদন করে অনেকেই দলের মনোনয়ন পাননি। তাঁরাই নিজেদের অবস্থান সুসংহত মনে করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হিসেবে যাঁরা নির্বাচন করছেন তাঁদের বিরুদ্ধে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, ছয়টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১, সাধারণ সদস্যপদে ২১৬ ও সংরক্ষিত নারী সদস্যপদে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারসংখ্যা ১ লাখ ৩১ হাজার ৪৬৪ জন। ইতিমধ্যে ৬৭টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।