সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ভরাডুবির কারণ কয়েকটি। এর একটি হচ্ছে গৃহবিবাদ। এ ছাড়া সমন্বয়ের অভাব তথা অগোছালো অবস্থা তাদের পরাজয়ের পেছনে দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।এ ব্যাপারে জানতে চাইলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক এম আমীর-উল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে পরিষদের অন্যতম সমন্বয়ক সাংসদ আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, ‘সাধারণ আইনজীবীদের সমর্থন আমাদের পক্ষে ছিল। কিন্তু নিজেদের মধ্যে লুকিয়ে থাকা গোপন ষড়যন্ত্রকারী ও নীরব বিরোধিতার কারণে হারতে বাধ্য হয়েছি।’পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাবকে পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দায়ী করেন। সময়ের স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি।দুই দিনব্যাপী ভোট গ্রহণের পর ২৫ মার্চ গভীর রাতে ঘোষিত ফলে বিএনপির সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল) থেকে খন্দকার মাহবুব হোসেন সভাপতি ও বদরুদ্দোজা বাদল সম্পাদক নির্বাচিত হন। এ বড় দুটিসহ সাতটি পদে নির্বাচিত হন নীল প্যানেলের সদস্যরা।নির্বাচনের তফসিল ঘোষণার আগেই গত ২৭ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল তাদের প্রার্থী চূড়ান্ত করে। অন্যদিকে প্রার্থী চূড়ান্ত করতে গিয়ে হোঁচট খায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। জানা গেছে, বিষয়টি প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত গড়িয়েছিল। শেষে ৭ মার্চ প্রার্থী চূড়ান্ত করে সাদা প্যানেল।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সমন্বয় পরিষদের আওতায় আইনজীবীদের কয়েকটি সংগঠন থাকলেও প্রার্থী মনোনয়নে প্রাধান্য দেওয়া হয় শুধু আওয়ামী আইনজীবী পরিষদকে। এটিও ক্ষোভের অন্যতম কারণ। এ ছাড়া সভাপতি ও সম্পাদক দুটি পদেই ঢাকা অঞ্চল থেকে প্রার্থী নির্বাচন করেছে পরিষদ। নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিএনপির সমর্থক ঐক্য প্যানেল প্রচারণায় অনেক সক্রিয় ও ঐক্যবদ্ধ ছিল। বিএনপির সমর্থক মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, আমিনুল হক ও নাজমুল হুদাসহ জ্যেষ্ঠ আইনজীবীরা একযোগে মাঠে নেমে প্রচারণা চালিয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম, আবদুল বাছেত মজুমদার ও রোকনউদ্দিন মাহমুদসহ সংশ্লিষ্টদের সক্রিয় দেখা যায়নি। নির্বাচনের আগের শেষ দুই দিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কয়েকজন প্রচারণা পর্যবেক্ষণ ও সহায়তার জন্য কাজ করলেও শেষ রক্ষা হয়নি।