সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন করার দাবি জানিয়েছেন মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকেরা। স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমানকে গণসংবর্ধনা দেওয়ার সময় গতকাল শনিবার তাঁরা এ দাবি জানান।
এবার শাহজাদপুর পৌর নির্বাচনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন চান সাবেক পৌর মেয়র হালিমুল হক এবং পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম। মনোনয়নপত্র দাখিলের আগে গত বুধবার হালিমুলের সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল বের করেন। এই শোভাযাত্রায় সাবেক সাংসদ চয়ন ইসলামও উপস্থিত ছিলেন। এ সময় আবদুর রহিম তাঁর সমর্থকদের নিয়ে পাল্টা মিছিল বের করেন। একই সময়ে বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র নজরুল ইসলামের পক্ষে তাঁর সমর্থকেরা মিছিল বের করেন। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা তিন প্রার্থীকেই কারণ দর্শানোর নোটিশ দেন। পরে কেন্দ্র থেকে হালিমুল হককে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়।
দলের একাধিক নেতা-কর্মী বলেন, গতকাল মনোনয়নবঞ্চিত প্রার্থী আবদুর রহিমের সমর্থকেরা শাহজাদপুর পৌর শহরের পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ-৬-এর সংসদ সদস্য হাসিবুর রহমানকে সংবর্ধনা দেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, কৈজুরী ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম, যুবলীগের নেতা ইউনুস আলী, ছাত্রলীগের নেতা শেখ কাজল প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতারা স্থানীয় সংসদ সদস্যের কাছে হালিমুল হকের বদলে আবদুর রহিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এ বিষয়ে সংসদ সদস্য বলেন, প্রার্থী পরিবর্তন করার ক্ষমতা দলীয় প্রধানের। দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁকে জয়ী করতে সব নেতা-কর্মীকে একযোগে কাজ করতে হবে। তবে এ বিষয়টি জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে উপস্থাপন করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সংসদ সদস্য হাসিবুর রহমানকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়া সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলের বহর নিয়ে স্বাগত জানানো হয়। মোটরসাইকেলের বিশাল বহরটি বিকেল চারটার দিকে শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে ওই মাঠে সমাবেশ হয়।
নোটিশের জবাব: বুধবার রিটার্নিং কর্মকর্তার দেওয়া নোটিশের জবাবে ক্ষমা চেয়েছেন প্রার্থীরা। সার্বিক বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবদুর রহিম বলেন, প্রাথমিকভাবে জবাবগুলো ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
প্রতীক বরাদ্দের আগেই আওয়ামী লীগের সভা-সমাবেশ করার বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, শোডাউন-সমাবেশ হলেও সেখানে পৌর নির্বাচনের প্রার্থীদের জন্য ভোট চাওয়া হয়নি। নির্বাচনী আচরণবিধি উপেক্ষা-সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।