আওয়ামী লীগের প্রার্থী হুমকি-ধমকি দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীকে হুমকি, মামলায় জড়ানো ও সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বানারীপাড়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আ. জলিল ঘরামির বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন।
লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ‘১৯৯৮ সাল থেকে বানারীপাড়া সদর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হই। এ ইউপিতে আমার সমর্থন থাকার পরও আমকে দলীয় নৌকা প্রতীক দেওয়া হয়নি। কিন্তু ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের দাবির পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হব। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী নৌকা প্রতীককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। দলীয় প্রার্থী আ. জলিল ঘরামি আমাকে ও আমার কর্মী-সমর্থকদের বিভিন্ন সময় হুমকি-ধমকি দিচ্ছেন। এমনকি মামলায় জড়ানোর ভয় দেখাচ্ছেন। একই সঙ্গে হিন্দু ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছেন। পরাজিত হওয়ার ভয়ে তিনি এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিথ্যা প্রচারণায় লিপ্ত হয়েছেন।’
হত্যা মামলায় জড়ানোর বিষয়টি রিটার্নিং কর্মকর্তাদের জানিয়েছেন কি না, জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ‘এখনো জানাইনি, তবে সব বিষয়ে তাঁদের জানাব।’
আওয়ামী লীগের প্রার্থী জলিল ঘরামি বলেন, কোনো ভোটারকে ভয়ভীতি দেখানো হয়নি। আবুল কালাম আজাদের বাড়ির কাছে কিছু হিন্দু ভোটার আছেন, তাঁদের দিয়ে এসব মিথ্যা অভিযোগ করে থাকতে পারেন। দলের বিপক্ষে প্রার্থী হওয়ায় জয় পাবেন না, বুঝতে পেরে তিনি এসব অভিযোগ তুলছেন।