শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবদুর রাজ্জাকের ছেলে নাহিন রাজ্জাকের নাম ঘোষণার পর শরীয়তপুরের বিভিন্ন স্থানে আনন্দমিছিল হয়েছে। অপরদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করার সিদ্ধান্তে অটল রয়েছে। নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করার জন্য স্থানীয় বিএনপি দুই পক্ষে বিভক্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় ছয়জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন। গত রোববার রাতে গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় দলের সভায় তাঁদের সাক্ষাৎকার নেওয়া হয়। সংসদীয় দলের সভা শেষে রাত ১১টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রার্থী হিসেবে নাহিন রাজ্জাকের নাম ঘোষণা করেন। সূত্রে জানা যায়, নাহিন রাজ্জাক ১৫ ফেব্রুয়ারি রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নাহিন রাজ্জাকের নাম ঘোষণার পর সোমবার ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা সদর এবং বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ আনন্দমিছিল বের করে। শরীয়তপুর বিএনপি সূত্র জানায়, এ সরকারের অধীনে বিএনপি দলীয়ভাবে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার অবস্থানে আছে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা মাঠ দখলে রাখার জন্য নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। এ আসনে প্রার্থী হতে চাচ্ছেন সাবেক সাংসদ হেমায়েত উল্যাহ আওরঙ্গ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু সরদার। দুজনই আলাদাভাবে এলাকায় গণসংযোগ করছেন। রোববার জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমানের নেতৃত্বে মিন্টু সরদারের সমর্থকেরা নির্বাচনী এলাকায় গণসংযোগে বের হন। মিন্টু সমর্থক বিএনপির একটি অংশ প্রতিটি উপজেলা সদরে সমাবেশ ডাকে। অপরদিকে হেমায়েত উল্যাহ আওরঙ্গর সমর্থক দলের একটি অংশ রোববার ডামুড্যা পৌর এলাকায় পাল্টা কর্মসূচি ঘোষণা করে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন ডামুড্যা পৌর এলাকায় দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সভা, সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় নাহিন রাজ্জাকের মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলের নেতা-কর্মী ও সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। তাঁরা বিভিন্ন স্থানে আনন্দমিছিল করেছেন। জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান বলেন, এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। স্থানীয় নেতা-কর্মীরা সাংগঠনিক ভিত মজবুত করার জন্য নাগরিক কমিটির ব্যানারে প্রার্থী দেওয়ার দাবি জানাচ্ছেন। দল যদি নির্বাচন করার সিদ্ধান্ত দেয়, তাহলে আমাদের প্রার্থী হবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিন্টু সরদার। মিন্টু সরদার বলেন, ‘ইতিমধ্যে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছি। দল থেকে সমর্থন পেলে নাগরিক কমিটির ব্যানারে নির্বাচন করব। সে লক্ষ্যে এলাকায় গণসংযোগ করছি। হেমায়েত উল্যাহ আওরঙ্গর সমর্থকেরা রোববার আমাদের গণসংযোগ কর্মসূচিতে বাধা সৃষ্টি করেছে।’ নাহিন রাজ্জাক বলেন, ‘আমি সবার সহযোগিতা নিয়ে বিজয় নিশ্চিত করব।’ এ ব্যাপারে বক্তব্য জানার জন্য মুঠোফোনে হেমায়েত উল্যাহ আওরঙ্গর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।