আওয়ামী লীগের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করার পরও সরকার গঠনের পর আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে বিশ্বাস ভঙ্গ করেছে। সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়নের বিষয়ে মানুষকে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করছে। আদিবাসীদের উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সম্প্রদায় ইত্যাদি আখ্যা দিয়ে অপমান করেছে।’গতকাল শুক্রবার পার্বত্য চুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকার জিমনেসিয়াম চত্বরে গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখা আয়োজিত এ সমাবেশে পার্বত্য চুক্তির দ্রুত বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানানো হয়।সমিতির জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার বলেন, ‘আদিবাসীদের বিভক্ত করা গেছে। এখন তারা আর কিছু করতে পারবে না—শাসক গোষ্ঠীর এমন ধারণা ভুল। আদিবাসীরা দাবি আদায়ে সংগ্রাম করতে জানে।’ চুক্তি বাস্তবায়নে জনসংহতি সমিতি আন্দোলন কর্মসূচি দিয়েছে উল্লেখ করে ঊষাতন তালুকদার বলেন, এ আন্দোলনে সবাইকে যোগ দিতে হবে। বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান হোসাইন কবির বলেন, সরকার চুক্তি বাস্তবায়ন না করলে ভুল করবে। দেশের স্বার্থে চুক্তি সই হয়েছে। এখন দেশের শান্তি ও উন্নয়নের জন্য এই চুক্তি বাস্তবায়ন করতে হবে। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জিত কুমার দে বলেন, দেশ-বিদেশের অনেক সভা-সেমিনারে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও পার্বত্য চুক্তি নিয়ে কথা হয়। দেশের ভাবমূর্তির রক্ষার স্বার্থেই এই চুক্তি বাস্তবায়ন জরুরি। সমাবেশে বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক উদয়ন ত্রিপুরাসহ পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতারা বক্তব্য দেন।গতকাল সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে পার্বত্য চুক্তি বাস্তবায়ন, সেনা ক্যাম্প প্রত্যাহার, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দিতে আদিবাসীরা জিমনেসিয়াম চত্বরে সমবেত হতে থাকেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাঙামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে।