আওয়ামী লীগের ভিত্তি ও শক্তি এ দেশের জনগণ: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগের ভিত্তি ও শক্তি হলো এ দেশের জনগণ। জনগণের কল্যাণে ও জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ আন্দোলন, সংগ্রাম ও কাজ করে আসছে। শত জুলুম-নির্যাতনের মধ্যেও আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই। আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে। এই দলের নেতা-কর্মী ও দল প্রধান কোনো দিন দেশ এবং জনগণ ছেড়ে পালাবেন না।
বুধবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার আওতায় অসহায় দুস্থ, গরিব ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ঢেউটিন ও অর্থসহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির নেতাদের উদ্দেশে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি সব সময়ই পলায়নপর দল। দেশ ও দেশের মানুষের কল্যাণে এবং দুঃসময়ে তারা কখনই এগিয়ে আসেনি, বরং পালিয়ে পালিয়ে থেকেছে। দলটি প্রতিষ্ঠিত হয়েছিল বন্দুকের নলের মুখে, ক্যান্টনমেন্টে। জনগণের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। জনগণের কল্যাণে আপনারা কখনো কোনো কাজ করেননি। ধনী-বণিক ও সুযোগসন্ধানীদের জন্য কাজ করেছেন। তাই আপনারা সব সময়ই জনবিচ্ছিন্ন ছিলেন, এখনো জনবিচ্ছিন্ন আছেন, ভবিষ্যতেও থাকবেন। কৃষিমন্ত্রী আরও বলেন, ‘পালাবেন তো আপনারা। আপনাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিদেশে পালিয়ে থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দল চালাচ্ছেন। আপনারা আর কোনো দিন এ দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবেন না।’
আব্দুর রাজ্জাক বলেন, পাকিস্তান সরকারের চরম অত্যাচার-নির্যাতন ও জেল-জুলুমের মধ্যেও বঙ্গবন্ধু কখনো পালাননি, স্বৈরাচারী আইয়ুব খান, ইয়াহিয়া খানকে মোকাবিলা করেছেন। বারবার জেলে গেছেন। আগরতলা ষড়যন্ত্র মামলার মাধ্যমে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হবে, এটা দেশে-বিদেশে সবাই জানত। বঙ্গবন্ধুও জানতেন তাঁকে ফাঁসি দেওয়া হবে। এরপরও তিনি ছিলেন অকুতোভয়, পালিয়ে যাওয়ার সুযোগ ছিল কিন্তু পালাননি।
মুক্তিযুদ্ধের সময় ২৬ মার্চেও তিনি ইয়াহিয়া খানকে ভয় পাননি, পালিয়ে যাননি।
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই মাথা নত করেননি উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, দলের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি (শেখ হাসিনা) শত বিপদ ও প্রতিকূলতার মধ্যে জনগণের পাশে রয়েছেন। দেশের মানুষকে ছেড়ে কখনোই পালিয়ে যাননি, ভবিষ্যতেও কখনো পালাবেন না। দেশের আপামর জনগণ তাঁর পাশে আছে।
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ প্রমুখ বক্তব্য দেন।