আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় ধাপে ২৩ এপ্রিল নড়াইল সদর উপজেলার সাত ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সাতটি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তৃণমূলের অভিযোগ, তাদের দেওয়া তালিকা থেকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
সদর উপজেলার মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপুল বিশ্বাস বলেন, ‘তৃণমূল থেকে আমার ও সাধারণ সম্পাদক পল্লব কুমার মজুমদারের নাম পাঠানো হলো। কিন্তু দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সহসভাপতি ও কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি রবীন্দ্রনাথ অধিকারীকে। তাই এখানে দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন পল্লব কুমার মজুমদার।’
শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহামুদ খান বলেন, ‘এখানে দলের মনোনয়ন দেওয়া হয়েছে মো. খশরুল আলমকে। স্থানীয় ভোটারসহ নেতা-কর্মীরা তাঁকে চেনেন না। এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় নির্বাচনী বৈতরণী পার হওয়া খুবই কষ্টসাধ্য। তাই এখানে দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন দেলোয়ার হোসেন পান্না।’
আউড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বলেন, ‘বর্ধিত সভা করে জেলায় আটজনের নাম পাঠানো হয়। সেই তালিকায় পলাশ মোল্লার নাম ছিল না। অথচ তাঁকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ পলাশ মোল্লা বিএনপির সমর্থক ছিলেন। তাঁকে কোনো দিন আওয়ামী লীগ করতে দেখিনি। শুনেছি, নির্বাচনের কিছুদিন আগে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন মো. মাসুদ সিকদার।’
আওয়ামী লীগের নেতা মো. শহীদুল ইসলাম বলেন, ‘৪ এপ্রিল প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে ভদ্রবিলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মাইকে আমার নাম ঘোষণা করা হয়। আমি এলাকায় এসে নির্বাচনী প্রচারণা শুরু করি। এর দুই দিন পর শুনি ওই ইউনিয়নে আবিদুর রহমান নামের একজন বিত্তশালী ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন হলে দলের প্রতি সাধারণ মানুষের আস্থা থাকবে না।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহম্মদ আলী বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মনোনয়ন দেওয়া হয়নি। এখানে মোটা অঙ্কের অর্থ নিয়ে বিভিন্ন দল থেকে সদ্য আসা অর্থশালী ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকেরা ক্ষুব্ধ ও হতাশ। তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত পত্রের নির্দেশাবলি উপেক্ষা করে নিজেদের মনগড়া পদ্ধতির মাধ্যমে অর্থ-বাণিজ্যের লক্ষ্যে এ ধরনের মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচীন চক্রবর্তীর মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়। দলের নেতা-কর্মীরা জানান, তিনি (অচীন) ভারতে গেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান বলেন, দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে হয়তো দু-একটা সঠিক হয়নি; তবে অর্থের বিনিময়ে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে—এ অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, কিছুটা চাপের কারণে দলের অনেক ত্যাগী ও যোগ্য নেতাকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।