পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে গতকাল বুধবার বান্দরবানের দুটি পৌরসভায় কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। বান্দরবান ও লামা এ দুটি পৌরসভায় আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন হবে।
জেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, লামা পৌরসভায় বর্তমান মেয়র আমির হোসেন আমুকে আগামী নির্বাচনেও দল থেকে মনোনয়ন দেওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত করা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সভাপতি। তবে জেলা সদর পৌরসভার প্রার্থিতা নিয়ে দলে সিদ্ধান্তহীনতা রয়েছে।
জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরি ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, নির্বাচন করা না করার ব্যাপারে কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পর প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে বান্দরবান সদর পৌরসভার বর্তমান মেয়র ও জেলা বিএনপির ছাত্র-যুব-বিষয়ক সম্পাদক জাবেদ রেজা বলেছেন, দল থেকে মনোনয়ন পেলে তিনি এবারও নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছেন। জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক ওসমান গণি বলেন, এখন সিদ্ধান্তহীনতা থাকলেও শেষ পর্যন্ত বর্তমান মেয়র জাবেদই প্রার্থী হবেন।
সদর পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম বেবীকে। আর লামা পৌরসভায় মেয়র পদে লড়বেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম। ৯ নভেম্বর জেলা আওয়ামী লীগের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসলাম বেবী।
বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুর রহমান বলেন, বান্দরবান জেলা সদর ও লামা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা আগামী দু-এক দিনের মধ্যে মনোনয়নপত্র কেনা শুরু করবেন।