আওয়ামী লীগের সভায় মেয়র প্রার্থী চূড়ান্ত করা যায়নি
মেয়র প্রার্থী মনোনয়ন নিয়ে গতকাল শুক্রবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় আলোচনা হয়েছে। উপজেলার বড়খেরি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। তবে সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, স্থানীয় সাংসদসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাদের মতামত নিয়ে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। ওই নাম কেন্দ্রীয় নির্বাচনী বোর্ডের কাছে পাঠানো হবে।
জানতে চাইলে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিন বলেন, ‘দলের মনোনয়ন চেয়েছি। এ ব্যাপারে দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করব।’
আরেক সম্ভাব্য প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদ পারভেজ বলেন, ‘মনোনয়ন না পেলেও দলীয় প্রার্থীর জন্য কাজ করব।’
গতকালের সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মওলা চৌধুরী। সভায় কার্যকরী কমিটির ৩৮ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের নেতা আবু নাছের, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শোয়াইব খন্দকার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদ পারভেজ ও সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী মেয়র পদে দলের মনোনয়ন চেয়েছেন।