আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা, বিএনপি চুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণার পর রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা জোরেশোরে প্রচারণা শুরু করেছেন। কিন্তু বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তেমন কোনো তৎপরতা নেই। তবে বিএনপি বলছে, তারা নির্বাচনের জন্য কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় আছে।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মণ্ডলসহ চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রচার চালাচ্ছেন। অন্যরা হলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি দিবালোক কুণ্ডু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অতুর সরদার।
ওয়াজেদ আলী জানান, তাঁর বিশ্বাস, মনোনয়ন পেলে এবারও তিনি নির্বাচিত হবেন। আবদুল আল মাসুদ বিশ্বাস জানান, দলের মনোনয়ন পেলে তিনি বিজয়ী হবেন বলে আশা করছেন।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল মোরশেদ ও সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাসের নামও শোনা যাচ্ছে। এ ব্যাপারে কথা বলতে শফিকুলের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে হাসান আলী জানান, দল মনোনয়ন দিলে নির্বাচন করবেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিএনপির দুজনের নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শওকত সরদার এবং বিগত পৌর নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী হাবিবুর রহমান। কিন্তু নির্বাচনের জন্য বিএনপির কারও তৎপরতা লক্ষ করা যাচ্ছে না।
শওকত সরদার বলেন, ‘ইতিমধ্যে দলের হাইকমান্ডের সবুজসংকেত পেয়েছি। রাস্তায় বিলবোর্ড, ব্যানার না টানালেও আমি গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’ হাবিবুর রহমান জানান, তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং মানুষের সমর্থনও পাচ্ছেন। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নাছিরুল হক বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিতে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছি।’