আওয়ামী লীগের সাত বিদ্রোহীকে বহিষ্কার
কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে কক্সবাজারের তিনটি পৌরসভায় (সদর, চকরিয়া ও মহেশখালী) আওয়ামী লীগের সাত বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত ব্যক্তিরা হলেন কক্সবাজার সদর পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবদুল খালেক, কার্যকরী পরিষদের সদস্য রাশেদুল ইসলাম, চকরিয়া পৌরসভার আওয়ামী লীগের আহ্বায়ক আ ক ম গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য সেলিম উল্লাহ, মহেশখালী পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মকসুদ মিয়া সিকদার ও বর্তমান ভারপ্রাপ্ত মেয়র পূর্ণচন্দ্র দে। গত বুধবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক জরুরি সভায় তাঁদের বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সাংসদ এ্যাথিন রাখাইন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোছাইন প্রমুখ।সভাপতি এ কে আহমদ হোসেন বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তে জেলার চারটি পৌরসভার মধ্যে দলের একক মেয়র পদপ্রার্থী হিসেবে কক্সবাজার সদরে মুজিবুর রহমান, চকরিয়ায় জাফর আলম, মহেশখালীতে সরওয়ার আজম ও টেকনাফে মোহাম্মদ ইসলাম কোম্পানির নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু টেকনাফ ছাড়া অন্য তিনটি পৌরসভায় সিদ্ধান্ত অমান্য করে আরও সাতজন নেতা প্রার্থী হয়ে মাঠে নামেন। এতে ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। তাই শৃঙ্খলা ভঙ্গকারী সাত বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি আমরা কেন্দ্রকে জানিয়েছি।’বহিষ্কার প্রসঙ্গে জানতে চাইলে মেয়র পদপ্রার্থী রাশেদুল ইসলাম জানান, এটি স্থানীয় সরকার নির্বাচন। এখানে দলীয় মনোনয়ন দেওয়ার প্রশ্নই আসে না। আর যাঁরা বহিষ্কার করছেন, তাঁদের সে ক্ষমতা আছে কি না, ভেবে দেখতে হবে।প্রসঙ্গত, জেলার চারটি পৌরসভায় আগামী ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে চারদলীয় জোটের মেয়র পদপ্রার্থী হিসেবে কক্সবাজার সদরে জামায়াতের সরওয়ার কামাল, চকরিয়ায় বিএনপির নাসির উদ্দিন হায়দার, মহেশখালীতে বিএনপির গোলাম মোস্তফা ও টেকনাফে জামায়াতের মোহাম্মদ ইসলামকে মনোনয়ন দেওয়া হয়।