আওয়ামী লীগের সাতজন মনোনয়ন দৌড়ে
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। দলীয় প্রতীকে নির্বাচন করতে না পারলেও জামায়াতের নেতারা বলছেন, তাঁরা মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী দেবেন। আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেতে অন্তত সাতজন নেতা ব্যক্তিগত উদ্যোগে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।
২০০৩ সালে সাতকানিয়া পৌরসভা গঠনের পর ২০০৫ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। ওই সময় আওয়ামী লীগের সমর্থন নিয়ে জামায়াতের প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপির নেতা মোহাম্মদুর রহমান। ২০১০ সালের নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী মোহাম্মদ জোবায়েরকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন তিনি।
দলীয় প্রতীকে মেয়র নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পরপরই এলাকাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্টার, ফেস্টুন, ব্যানার এবং বিলবোর্ড টাঙানো শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা।
পোস্টার, ফেস্টুন, ব্যানারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সদ্য আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান মেয়র মোহাম্মদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ও স্বাচিপ নেতা আ ম ম মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বশির আহমদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন ও আওয়ামী লীগে সদ্য যোগদানকারী ওসমান গণি চৌধুরী।
বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল আলম প্রচারণা চালাচ্ছেন।
জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দলের সর্বোচ্চ পর্যায় থেকে মেয়র প্রার্থী বাছাইয়ের জন্য কোনো ধরনের নির্দেশ এখনো দেওয়া হয়নি। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে। তবে পরীক্ষিত ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন—এমন নেতাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে স্বচ্ছ ভাবমূর্তির ও জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে।
সম্ভাব্য প্রার্থী মোহাম্মদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বাসী হয়ে আওয়ামী লীগে যোগদান করেছি। দল থেকে মনোনয়ন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দল যদি যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তাহলে নির্বাচন করব। না হয় নির্বাচন থেকে বিরত থাকব।’
সম্ভাব্য আরেক প্রার্থী আ ম ম মিনহাজুর রহমান বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে ত্যাগী ও পরীক্ষিত ব্যক্তি হিসেবে মনোনয়ন পেতে কাজ করছেন তিনি। দলের কেন্দ্রীয় কমিটি প্রার্থী মনোনয়নে ভূমিকা রাখলে যোগ্য ব্যক্তিই দলীয় প্রার্থিতা পাবেন। তিনি বলেন, ‘দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে আমি নির্বাচনে অংশ নেব। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করব না।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন প্রথম আলোকে জানান, যেহেতু দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হচ্ছে, সেহেতু কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের জন্য নেতা-কর্মীদের আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে।
দলীয় প্রার্থীর ব্যাপারে জানতে চাইলে শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, দল নির্বাচনে গেলে পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল আলমই দলের একক প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর একজন নেতা নাম না প্রকাশের শর্তে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দলীয় প্রতীক নিয়ে জামায়াত যেহেতু নির্বাচন করতে পারবে না, সে কারণে তাঁরা স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবেন। তবে তিনি জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।
মনোনয়নপত্র সংগ্রহ: সাতকানিয়া পৌরসভায় নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হলেন ১ নম্বর ওয়ার্ডে এনামুল কবির, ২ নম্বর ওয়ার্ডে মো. হাবিবুল্লাহ, দিদার হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে মো. নুরুল হক, মোস্তফা কামাল, ৫ নম্বর ওয়ার্ডে আবদুল মালেক, ৬ নম্বর ওয়ার্ডে রাশেদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে নেচার উদ্দিন আহমদ চৌধুরী, ৮ নম্বর ওয়ার্ডে মো. আবু ইউসুফ, মো. নুরুল আবছার, ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবদুল হালিম ও ১ নম্বর সংরক্ষিত নারী আসনে রহিমা বেগম।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন কোনো প্রার্থী ফরম নিতে আসেননি। দ্বিতীয় দিনে ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে মেয়র পদে কেউ ফরম নেননি।