আওয়ামী লীগের ১৩ বিদ্রোহীকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে আওয়ামী লীগের ১০ ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগ তাঁদের বহিষ্কার করে।
একই কারণে টাঙ্গাইলের সখীপুরে তিন ব্যক্তিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
দেওয়ানগঞ্জে বহিষ্কৃত ব্যক্তিরা হলেন চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, ডাংধরা ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শাহ মো. মাসুদ, হাতিভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহজাহান আকন্দ, পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা লেমন, একই ইউনিয়নের কৃষক লীগের আহ্বায়ক সুরুজ্জামান ও দলীয় নেতা সোহেল রানা, বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আলামিন, চুকাইবাড়ী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য মঞ্জুরুল হক, দেওয়ানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সামিউল হক ও দেওয়ানগঞ্জ ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সোমবার উপজেলা আওয়ামী লীগের সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। ওই রাতেই তাঁদের ১০ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আলামিন প্রথম আলোকে বলেন, ‘ব্যাপক জনপ্রিয়তা থাকার কারণে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছি। বহিষ্কারের কোনো চিঠি এখনো পাইনি।’
টাঙ্গাইলের সখীপুরে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ফেরদৌস ও জামাল হোসেন এবং আওয়ামী লীগে সম্প্রতি যোগদানকারী দুলাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাত আটটায় উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সভার সিদ্ধান্ত গতকাল মঙ্গলবার টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, ২৮ মে উপজেলার ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বহেড়াতৈল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সোহেল সরকারের বিরুদ্ধে আনারস প্রতীকে গোলাম ফেরদৌস নির্বাচনে অংশ নিয়েছেন। এ ছাড়া কালিয়া ইউনিয়নে দলীয় প্রার্থী কামরুল হাসানের বিরুদ্ধে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জামাল হোসেন চশমা প্রতীকে ও কাঁকড়াজান ইউনিয়নে দলীয় প্রার্থী তারিকুল ইসলাম ওরফে বিদ্যুতের বিরুদ্ধে দুলাল হোসেন আনারস প্রতীক নিয়ে লড়ছেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান বলেন, ওই সব বিদ্রোহী প্রার্থীর পক্ষেও দল ও অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মী মাঠে কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের চিহ্নিত করে পরবর্তী সভায় বহিষ্কার করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কার প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সদস্য বহেড়াতৈল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী গোলাম ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘দল এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে কি না, তা আমার জানা নেই। আর বহিষ্কারের ভয়ও করি না। ২৮ মে ভোটের দিন বুঝতে পারবেন আওয়ামী লীগের প্রার্থী কয় ভোট পায় আর আমি কয় ভোট পাই।’