নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা বিল্লাল হত্যা মামলার আসামি আওয়ামী লীগের ১৬ নেতা-কর্মীকে গতকাল কারাগারে পাঠিয়েছেন আদালত।
জানা যায়, উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনকে ২৭ জুন কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিল্লাল হোসেনের ছেলে মাসুম মিয়া বাদী হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের দুই সদস্য আনোয়ার হোসেন ও শহীদুল্লাহ এবং একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন জানান, এ হত্যা মামলার ২০ আসামির মধ্যে ১৬ জন উচ্চ আদালতের দুই সপ্তাহের আগাম জামিনে ছিলেন। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাদনী রুপমের আদালতে গতকাল ১৬ আসামি হাজির হন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।