
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়টি ইউনিয়নের ১২ হাজারের বেশি বাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ দিয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের গড়া ‘গ্যাস কমিটি’। এ জন্য প্রতিজন গ্রাহকের কাছ থেকে গড়ে ৪৫ হাজার টাকা করে প্রায় ৫৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তাঁরা।
অবৈধ সংযোগের অপেক্ষায় আছেন আরও ১০ হাজার লোক। তাঁদেরও সংযোগের জন্য গড়ে ৪৫ হাজার টাকা করে দিতে হবে। পাশাপাশি অবৈধ সংযোগ নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় পাঁচ হাজার ব্যক্তির কাছ থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে প্রায় ২৫ লাখ টাকা ‘বিল’ও আদায় করা হচ্ছে। যাঁদের সংযোগ পুরোনো হয়ে গেছে এবং যাঁরা দলীয় নেতা-কর্মী-সমর্থক, তাঁদের কাছ থেকে এই ‘বিল’ নেওয়া হচ্ছে না।
এলাকাটি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন। তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলাম একে বলেছেন ‘দিনদুপুরে গ্যাস ডাকাতি’। আর ‘গ্যাস ডাকাতির’ সঙ্গে জড়িত ব্যক্তিরা বলেছেন, তিতাসের কর্মকর্তাদের টাকা দিয়েই কাজ করা হচ্ছে।
গত এক মাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, যত্রতত্র রাস্তা কাটা হচ্ছে। বসানো হচ্ছে গ্যাসের পাইপ। কাজ তদারকি করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিদ্যুতের তারের মতো ঘরবাড়ি ও গাছপালার ওপর দিয়েও নিম্নমানের পাইপ দিয়ে গ্যাস সরবরাহ ও সংযোগ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এই গ্যাসলাইন নিয়ে অনেকে আতঙ্কে আছেন বলে জানিয়েছেন। যেকোনো সময় লাইনে বিস্ফোরণ ঘটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
প্রথম আলোর অনুসন্ধানে এলাকায় অন্তত ছয়টি ‘গ্যাস কমিটি’র অস্তিত্ব পাওয়া গেছে। তবে এই অবৈধ কাজের পেছনে আছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার।
জানতে চাইলে সাবেক এই সাংসদ প্রথম আলোকে বলেন, ‘অবৈধ গ্যাস-সংযোগ দিতে আমি কাউকে উৎসাহিত করিনি। নেতা-কর্মীরা আমাকে জানিয়েছেন, তাঁরা তিতাসের অনুমতি নিয়ে সংযোগ দিচ্ছেন।’
স্থানীয় সূত্রগুলো বলছে, ২০১২ সালের শেষ দিকে আওয়ামী লীগ-সমর্থক বলে পরিচিত জাহাঙ্গীর হোসেন নিজেকে তিতাসের ঠিকাদার দাবি করে অর্থের বিনিময়ে বিভিন্ন বাড়িতে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া শুরু করেন। গত বছর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) আবাসিক খাতে নতুন সংযোগ প্রদান এবং অবৈধ সংযোগ (অতিরিক্ত চুলা ব্যবহার) বৈধ করার ঘোষণা দেয়। ওই ঘোষণাকে পুঁজি করে সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস-সংযোগের হিড়িক পড়ে যায়।
এই গ্যাস-সংযোগের ব্যাপারে কোনো ‘গ্রাহক’ নাম প্রকাশ করে কথা বলতে চাননি। গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় তাঁরা এ নিয়ে সংবাদ প্রকাশ না করতেও অনুরোধ করেছেন।
গ্যাস কমিটিগুলোর একাধিক নেতা, গ্রামের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, তিতাস গ্যাস কোম্পানির স্থানীয় কর্মীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বারদী ও শম্ভুপুরা ইউনিয়নের কয়েকটি গ্রাম বাদে উপজেলার প্রায় সব গ্রামে অবৈধ গ্যাসের পাইপ চলে গেছে। এমনকি সনমান্দী ইউনিয়নের দুর্গম দৌলরদী ও কুমারচর গ্রামে সরু ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে গ্যাসের পাইপ নেওয়া হয়েছে। এই কাজে যুক্ত ব্যক্তিদের হিসাবে, ইতিমধ্যে প্রায় ৮৫ কিলোমিটার গ্যাসলাইন টানা হয়েছে।
সাধারণ গ্রামবাসীর পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপিসহ সব দলের নেতা-কর্মী, সমর্থকেরা অবৈধ গ্যাস-সংযোগ নিচ্ছেন। গ্যাস পাওয়ার ব্যাপারে লোকজনের মধ্যে বিপুল আগ্রহ থাকায় ভোট হারানোর ভয়ে জনপ্রতিনিধিরাও কোনো কথা বলছেন না।
অবৈধ গ্যাস-বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, সবচেয়ে বেশি প্রায় তিন হাজার সংযোগ দেওয়া হয়েছে সাদীপুর ইউনিয়নে। সনমান্দী ও পিরোজপুরে প্রায় দুই হাজার করে, জামপুরে এক হাজার, বৈদ্যের বাজারে ৯০০, কাঁচপুরে ৮০০, নোয়াগাঁওয়ে ৭০০, শম্ভুপুরায় ৬০০ ও মোগড়াপাড়া ইউনিয়নের প্রায় ৫০০ বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া সোনারগাঁ পৌরসভায় ছয় থেকে সাত শ বাড়িতে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে।
তিতাসের ঠিকাদার দাবিদার জাহাঙ্গীর হোসেন বলেন, ইতিমধ্যে প্রায় ১২ হাজার গ্রাহককে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। গড়ে ৪৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের সমন্বয়ে কাজটি করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের সংযোগ দেওয়া সব গ্রাহককে তিতাস বৈধ করে নেবে বলে তিতাসের কর্মকর্তারা কথা দিয়েছেন।’
তিতাসের স্থানীয় ব্যবস্থাপক আবু জাফর সুলতান আহম্মেদ প্রথম আলোকে বলেন, তিতাস গ্যাস-সংযোগের জন্য কোনো অনুমতি দেয়নি।
তবে গ্যাস-বাণিজ্যের সঙ্গে যুক্ত যুবলীগের কর্মী আলী হোসেন প্রথম আলোকে বলেন, ‘তিতাসের কর্মকর্তাদের গ্রাহকপ্রতি ১৬ হাজার টাকা করে দিয়েছি।’
আবু জাফর সুলতান আহম্মেদ আর্থিক সুবিধা নিয়ে সংযোগ দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাই টাকা নিয়ে অবৈধ সংযোগ দিয়েছেন এবং মাসে মাসে বিল তুলছেন। অভিযান চালাতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি।’
অবৈধ কারবারে যাঁরা: বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, সোনারগাঁর মোগড়াপাড়া ও শম্ভুপুরা ইউনিয়নে অবৈধ গ্যাস-সংযোগ দিচ্ছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহাগ রনি, মঙ্গলেরগাঁও গ্রামের ইউপি সদস্য মজিবুর রহমান ও দুধঘাটা গ্রামের আশেক আলী ভূঞা।
সোহাগ রনি ও মজিবুর রহমান দাবি করেন, এলাকার উন্নয়নের স্বার্থে তাঁরা গ্যাস-সংযোগ দিচ্ছেন। তাঁরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত নন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোশাররফ হোসেন ইউনিয়নের ভবনাথপুর, রতনপুর ও ভাটিবন্দর গ্রামে অবৈধভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক কেটে লাইন নিয়ে দুই হাজার ২০০ বাড়িতে গ্যাস-সংযোগ দেন। গত বছরের সেপ্টেম্বর মাসে ওই রাস্তা কাটার পর তাঁর বিরুদ্ধে সোনারগাঁ থানায় জিডি করে এলজিইডি। এখন ওই সব গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে ৫০০ টাকা করে ‘বিল’ আদায় করছেন মোশাররফ।
মোশাররফ হোসেন বলেন, ‘গ্রামের মানুষকে গ্যাস দেবে বলে সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। আশা করি, সরকার এগুলো বৈধ করে নেবে।’ তিনি বলেন, গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা একসঙ্গে করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারদের প্রতিশ্রুতি দেন, তিনি নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেবেন।
অনুসন্ধানে জানা গেছে, পেট্রোবাংলা অবৈধ গ্যাসলাইন বৈধ করার ঘোষণা দেওয়ার পর তখনকার সাংসদ আবদুল্লাহ আল কায়সারের নির্দেশে সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার ব্যবসা শুরু হয়। এ জন্য নিজের ঘনিষ্ঠ কয়েকজন নেতা-কর্মীকে দায়িত্ব দেন তিনি। দশম সংসদ নির্বাচনে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ।
কাঁচপুর ইউনিয়নে অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া যুবলীগের নেতা বাবু ওমর বলেন, ‘এলাকাবাসী নিজেরাই উদ্যোগী হয়ে যাঁর যাঁর বাড়িতে গ্যাস নিচ্ছেন। আমি বিষয়গুলোর তদারকি করেছি মাত্র।’
সাদীপুর, জামপুর, নোয়াগাঁও ও বারদী ইউনিয়নে অবৈধ গ্যাস-সংযোগে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিমুদ্দিন, সাদীপুর ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও জামপুর ইউপির সদস্য হুমায়ুন কবির।
আজিমুদ্দিন ও সিরাজুল ইসলাম বলেন, এভাবে গ্যাস না নিলে ১০০ বছরেও এলাকার মানুষ গ্যাস পেত না। তাঁরা শুধু সংযোগ দিচ্ছেন, কারও কাছ থেকে বিল নিচ্ছেন না।
সনমান্দী ইউনিয়নে অবৈধ গ্যাস দিচ্ছেন উপজেলা যুবলীগের সহসভাপতি আমিনুল ইসলাম, আওয়ামী লীগের নেতা নুরু মিয়াসহ ১০ জন। আমিনুল বলেন, ‘আমরা বেশি অর্থ আদায় করিনি।’
গ্যাস-সংযোগ নেওয়া মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদীপুর গ্রামের রহমত উল্লাহ বলেন, ‘বৈধ-অবৈধ জানি না। গ্যাস পেয়েছি, এটাই বড় কথা। তা ছাড়া বিল পরিশোধ করে যাচ্ছি। এসব টাকা নেতারা জমা দিয়ে কিছুদিন পরে আমাদের রসিদ দেবেন বলে জানিয়েছেন।’
দুর্ঘটনার আশঙ্কা: সোনারগাঁ পৌরসভা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-মদনপুর-আড়াইহাজার সড়ক, রূপগঞ্জে তিতাসের পাইপ থেকে অবৈধ সংযোগ নিয়ে গ্রামের পর গ্রাম দুই থেকে তিন ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়েছে। এসব পাইপ থেকে দেড় ইঞ্চি ব্যাসের পাইপ বসিয়ে মানুষের বাসা পর্যন্ত গ্যাস দেওয়া হচ্ছে। তাঁরা নিজেরাই রাইজার বসিয়ে গ্যাস-সংযোগ দিচ্ছেন। এসব রাইজার স্থানীয় প্রকৌশলীদের দিয়ে তৈরি করাচ্ছেন, নয়তো ঢাকা থেকে নিয়ে আসছেন।
তিতাসের কর্মকর্তারা জানান, অত্যন্ত নিম্নমানের পাইপ হওয়ায় যেকোনো সময় এসব পাইপ বিস্ফোরিত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সাদীপুর ইউনিয়নের বারগাঁও গ্রামে ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের পাইপ বিদ্যুতের তারের মতো গাছপালার ওপর দিয়ে ও খুঁটি টেনে নিয়ে যাওয়া হয়েছে। সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি গ্রামে মাটি ও রাস্তার ওপর দিয়েই এক ইঞ্চি পাইপ বসিয়ে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে।
বৈধ গ্রাহকের সংখ্যা কম: সোনারগাঁ তিতাসের কর্মকর্তারা জানান, উপজেলায় প্রায় দুই হাজার ৭০০ বৈধ আবাসিক গ্রাহক আছে। নতুন সংযোগ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ৬৬০টি আবেদন পড়ে আছে। আর অবৈধ সংযোগ বৈধ করার জন্য আবেদন পড়েছে এক হাজার ৭৪০টি। কিন্তু কোনোটিই পাস হয়নি।
তিতাস থেকে নতুন সংযোগ নিতে হলে ১০ ফুট রাইজার দিয়ে দুটি চুলার জন্য চার হাজার ৪০০ টাকা জমা দিতে হয়। গ্রাহকদের তিতাসের বৈধ সংযোগ পেতে বরাবরই ঘুষ দিতে হয়। একটি সংযোগে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয় শেষ পর্যন্ত।
কর্মকর্তারা যা বলেন: সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান বলেন, ‘এখানে অবৈধ গ্যাস-সংযোগের হিড়িক পড়েছে। বিষয়টি তিতাসকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা ইতিমধ্যে কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছিলাম। কিন্তু অবৈধ সংযোগ বন্ধ হয়নি।’
জানতে চাইলে তিতাসের এমডি নওশাদ ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সোনারগাঁয়ে যা হচ্ছে, এটাকে চুরি বলা যাবে না। এটা ডাকাতি। দিনদুপুরে এই ডাকাতি করা হচ্ছে। সেখানে তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের আক্রমণ করা হচ্ছে। তিতাস নিরুপায়, কিছু করতে পারছে না। কারণ, জড়িত ব্যক্তিরা প্রভাবশালী।’
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ‘আমি দলের বৈঠকে একাধিকবার বিষয়টির প্রতিবাদ করেছি। সাংসদের (সাবেক) নাম ভাঙিয়ে দলের কিছু লোক এই অবৈধ কাজে জড়িয়ে পড়েছে। এই অন্যায়ের সঙ্গে দলের সম্পর্ক নেই। দল তাদের দায়িত্ব নেবে না।’