আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-১৭ মেয়াদে নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। ২৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২১টিতে জয় পেয়েছে সাদা প্যানেল। অন্যদিকে বিএনপি-সমর্থিত নীল প্যানেল সিনিয়র সহসভাপতিসহ ছয়টি পদে বিজয়ী হয়েছে।
আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. শাহ আলম খান গতকাল শনিবার সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দুই দিন ভোট গ্রহণ হয়। শুক্রবার দুপুর থেকে ভোট গণনা শুরু হয়। এবার নির্বাচনে ২৭টি পদের বিপরীতে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত দুই দিনে ১৫ হাজার ৫০ জন ভোটারের মধ্যে ৮ হাজার ১৩৪ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে সাইদুর রহমান মানিক ৪ হাজার ৫৩২ ভোটে জয় পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের প্রার্থী মোহাম্মদ খোরশেদ আলম পেয়েছেন ৩ হাজার ৩৮৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে সাদা প্যানেলের আইয়ুবুর রহমান পেয়েছেন ৩ হাজার ৭২৯, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের প্রার্থী আজিজুল ইসলাম খান পেয়েছেন ৩ হাজার ৬৬৭ ভোট।
আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতে ও কার্যকরী পরিষদ সদস্যের ১৫টি পদের মধ্যে ১২টি পদ পেয়েছে।
অন্যদিকে বিএনপি-সমর্থিত নীল প্যানেল সম্পাদকীয় পদে ট্রেজারারসহ তিনটি ও কার্যকরী পরিষদ সদস্যের তিনটি পদ পেয়েছেন।
সম্পাদকীয় পদের সাদা প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন, সহসভাপতি পদে আবু বকর ফরহাদ, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে আবদুস সালাম খান, সহসাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেন ভুইয়া, লাইব্রেরি সম্পাদক পদে আলী আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক পদে লাকী আক্তার, দপ্তর সম্পাদক পদে আবদুল হাই ও ক্রীড়া সম্পাদক পদে বাহারুল আলম।
অন্যদিকে সম্পাদকীয় পদের নীল প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি পদে আফরোজা বেগম, ট্রেজারার পদে আবু বক্কর সিদ্দিকী ও সমাজকল্যাণ সম্পাদক পদে শফিকুল ইসলাম।
সদস্য পদে সাদা প্যানেলের নির্বাচিত প্রার্থীরা হলেন আমিনুল আহসান, ইমারত হোসেন, হাজেরা বেগম, মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক, নাসিম জাহান, নূরজাহান আক্তার, মরিয়ম বেগম, সাহিদা পারভীন, বিল্লাল হোসেন, নুরুল ইসলাম তালুকদার, তাইবুর রহমান ও মোহাম্মাদ নূর হোসেইন।
সদস্য পদে নীল প্যানেলে বিজয়ীরা হলেন আজমেরী আহমেদ, আবদুল মোমেন খান ও মোহাম্মাদ রোকনুজ্জামান।