চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ১১টি পদের সব কটিতে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের হলুদ প্যানেল জয়ী হয়েছে। গতকাল বুধবার সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল নয়টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দীন।
হলুদ প্যানেল ছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা প্যানেল। নির্বাচনে মোট ৮২৬ ভোটারের মধ্যে ৬৭৬ জন শিক্ষক ভোট দিয়েছেন। সভাপতি পদে হলুদ প্যানেলের প্রার্থী পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক মিহির কুমার রায় ৩৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ৪২১ ভোট পেয়ে জয়ী হন একই প্যানেলের ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ মোয়াজ্জম হোসেন।
নির্বাচনে সহসভাপতি পদে হলুদ প্যানেলের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল হক, যুগ্ম সম্পাদক পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম সালামত উল্ল্যা ভূঁইয়া, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল হোসাইন, চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শায়লা শারমিন, ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের সহকারী অধ্যাপক মো. ইফতেখার আরিফ এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. বখতেয়ার উদ্দীন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দীন প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্বাচন নিয়ে দুই পক্ষের কোনো ধরনের অভিযোগ নেই।
হলুদ প্যানেল থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ মোয়াজ্জম হোসেন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকসমাজ মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী বলে তাঁরা হলুদ প্যানেলের পক্ষে রায় দিয়েছেন। আমরা দেশের স্বার্থের পাশাপাশি শিক্ষকদের স্বার্থ নিয়েও কাজ করব।’