ইসলামী বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম ও শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের একটি পক্ষ অপর পক্ষকে অবৈধ ঘোষণা করেছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে শাপলা ফোরামের একাংশের সভাপতি কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, বঙ্গবন্ধু পরিষদের একাংশের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমানসহ এ পক্ষের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামুনুর রহমান। তিনি বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শাপলা ফোরামের একটি নির্বাচিত কমিটি এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রঘোষিত একটি আহ্বায়ক কমিটি রয়েছে। এই কমিটির বাইরে কয়েকজন শিক্ষক নিজেদের অবৈধভাবে উভয় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করে বিভিন্ন সময়ে বিবৃতি ও সংবাদ সম্মেলন করছেন। এর মাধ্যমে তাঁরা শাপলা ফোরাম ও বঙ্গবন্ধু পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। উভয় কমিটির গঠনতন্ত্র ও আইনের দৃষ্টিতে তাঁদের সংগঠন অগ্রহণযোগ্য ও অবৈধ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার ব্যক্তিস্বার্থে সংগঠন দুটির নেতৃত্বের অবৈধ দাবিদার ওই সব শিক্ষককে দাঁড় করিয়েছেন। এ জন্য সরকারের প্রতি উপাচার্যকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হচ্ছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু পরিষদের একাংশের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমরা সাধারণ সভা করে কমিটি করেছি। তাই আমাদের কমিটিই বৈধ।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছর শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন হয়। এর আগ পর্যন্ত সংগঠনটির সভাপতি ছিলেন মাহবুবুল আরফিন ও সাধারণ সম্পাদক ছিলেন আনোয়ার হোসেন। নির্বাচনে কামাল উদ্দিনের পক্ষের শিক্ষকেরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের শিক্ষকেরা ভোট আবার গণনার দাবি জানান। তা উপেক্ষা করে কামাল উদ্দিনের পক্ষের শিক্ষকেরা ১৫ সদস্যের কমিটি গঠন করেন। এতে কামাল উদ্দিন সভাপতি ও সেলিম তোহা সাধারণ সম্পাদক হন। ভোট আবার গণনা না করা হলে এ কমিটিকে অবৈধ ঘোষণা করে সভাপতি হিসেবে মাহবুবুল আরফিন ও সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন নিজেদের বহাল রাখেন।
এ ছাড়া ২০১০ সালে বঙ্গবন্ধু পরিষদের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে আবুল আহসান চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে রুহুল কে এম সালেহ নির্বাচিত হন। গত ৭ এপ্রিল কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এস এ মালেক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেন। এতে মাহবুবুর রহমানকে আহ্বায়ক ও মামুনুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এ কমিটিকে না মেনে ১৬ এপ্রিল পরিষদের আগের কমিটি সাধারণ সভার মাধ্যমে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে।
ওই কমিটিতে জাকারিয়া রহমানকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। উভয় ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের এ দুটি সংগঠনের শিক্ষকেরা বিভক্ত হয়ে পড়েন।