আওয়ামীপন্থী শিক্ষকদের নতুন সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আরেকটি নতুন সংগঠন গঠিত হয়েছে। নতুন এ সংগঠনের নাম ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শিক্ষক পরিষদ’। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকেরা এ সংগঠন প্রতিষ্ঠা করেন।সূত্র জানায়, আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করার মাধ্যমে ক্যাম্পাসে প্রথমবারের মতো সাংগঠনিক কার্যক্রম শুরু করবে সংগঠনটি। সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন হচ্ছে ‘বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল)’।সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ এবং হলুদ দলের সর্বশেষ স্ট্যান্ডিং কমিটির নির্বাচন নিয়ে প্রগতিশীল শিক্ষকদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এই মতবিরোধ থেকে আওয়ামীপন্থী শিক্ষকেরা নতুন এ সংগঠন প্রতিষ্ঠা করেন।এ প্রসঙ্গে সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও নতুন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য গাজী সালেহউদ্দিন বলেন, ‘আমরা মূল দলের সঙ্গে আছি। নতুন সংগঠন হবে বঙ্গবন্ধুর রাজনীতিতে বিশ্বাসী শিক্ষকদের আলাদা সংগঠন।’