চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে এবারও আলাদা প্যানেলে অংশ নিচ্ছেন আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন হলুদ দল।
সভাপতি ও কার্যনির্বাহী সদস্যের মোট পাঁচটি পদে আলাদা প্রার্থী দিয়েছে হলুদ দল ভেঙে সৃষ্ট নতুন সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ’। তবে হলুদ দলের মূল অংশটি এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ ১১টি পদেই একক প্রার্থী দিয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, শিক্ষক সমিতির সভাপতি পদে মূল হলুদ দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক বেনু কুমার দে। এ পদে বঙ্গুবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদের পক্ষে সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন এবং সাদা দলের পক্ষে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক হারুনুর রশীদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হলুদ দলের হয়ে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাদা দলের হয়ে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের শেখ আফতাব উদ্দিন অংশ নিচ্ছেন।
এ ছাড়া সহসভাপতি পদে হলুদ দলের হয়ে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের অধ্যাপক মো. রাশেদ উন নবী ও সাদা দলের হয়ে অর্থনীতি বিভাগের মোহাম্মদ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে হলুদ দলের হয়ে মাইক্রোবায়োলজি বিভাগের মো. তৌহিদ হোসেন ও সাদা দলের হয়ে মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে হলুদ দলের হয়ে মার্কেটিং স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের এইচ এম কামরুল হাসান ও সাদা দলের হয়ে নৃবিজ্ঞান বিভাগের জাকিয়া রেহানা নির্বাচনে অংশ নিচ্ছেন।
এদিকে কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদের ছয়টিতেই হলুদ দল ও সাদা দলের প্রার্থী অংশ নিলেও ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদের’ পক্ষে পাঁচটি পদে প্রার্থীরা অংশ নিচ্ছেন।
হলুদ দলের আহ্বায়ক অধ্যাপক ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এককভাবে নির্বাচনে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন। তাদের (বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ) সঙ্গে তিনি আলোচনাও করেছেন। কিন্তু তারা (বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদ) তাতে সাড়া দেয়নি।
এদিকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক গাজী সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দলের স্টিয়ারিং কমিটি নিয়ে আমাদের ঘোর আপত্তি ছিল। এই একই কারণে আমরা গতবারও আলাদাভাবে নির্বাচনে অংশ নিয়েছিলাম। তাদের যদি সদিচ্ছা থাকত তাহলে এত দিনে এ ব্যাপারে সিদ্ধান্ত নিত। মূলত ক্ষমতা কুক্ষিগত রাখতে ও বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করতেই তারা এটি করেনি।’