আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে আওয়ামীপন্থী ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ সমর্থিত হলুদ প্যানেল। সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদের সব কটিতে জয়লাভ করেছেন আওয়ামীপন্থী প্রার্থীরা।

বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে ভোট গ্রহণ করা হয়। ১ হাজার ১৪৩ জন ভোটারের মধ্যে ৯৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক দিলীপ কুমার মণ্ডল।
দিলীপ কুমার মণ্ডল জানান, নির্বাচনে ৫৩৯ ভোট পেয়ে রসায়ন বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম সভাপতি এবং ৩৯৪ ভোট পেয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রুহুল আমিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-জামায়াত সমর্থিত ‘জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক ফোরাম’-এর সাদা প্যানেলের অধ্যাপক মো. ছায়েদুর রহমান পান্নু সভাপতি পদে ৩৯৪ ভোট এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এ এন এম জাহাঙ্গীর কবীর সাধারণ সম্পাদক পদে ৩৬৮ ভোট পান।

সমিতির অন্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি অধ্যাপক স্বরোচিষ সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুল গণি, যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ফারুক শাহ। এ ছাড়া কার্যকরী সদস্য পদে মো. লুৎফর রহমান, মো. আশরাফুল ইসলাম, মো. নূরে আলম সিদ্দিকী, মো. রফিকুল ইসলাম, আবুল বাশার মোহাম্মদ সারোয়ার আলম, মো. খাইরুল আলম, মমতাজ পারভীন, সনজীব কুমার সাহা, জাহিদুল ইসলাম ও জেসমিন সুলতানা।