আওয়ামীপন্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। ১৬ সদস্যবিশিষ্ট কমিটিতে তপন কুমার সরকার সভাপতি ও মো. শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি সংগঠন ছিল। একটি নীল দল, অপরটি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। সম্প্রতি আওয়ামীপন্থী শিক্ষকেরা এ দুটি সংগঠনকে এক করার উদ্যোগ নেন। এতে বঙ্গবন্ধু-নীল দল নামে সংগঠন দুটি এক হয়ে যায়। নির্বাচনে এ প্যানেলটি প্রার্থী দেয়। অন্যদিকে বিএনপিপন্থী শিক্ষকেরা এতে অংশ নেননি। ফলে আওয়ামীপন্থী প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়।
বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক বলেন, দলের বেশির ভাগ শিক্ষক শিক্ষাছুটিতে বাইরে থাকায় তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে ১৬ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়া ও বাছাইয়ের শেষ দিনে বঙ্গবন্ধু-নীল দলের প্যানেলকে জয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচনে বঙ্গবন্ধু-নীল দল নামের একটি প্যানেল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা প্যানেল না থাকায় ১৬ মার্চ একমাত্র প্যানেলকে জয়ী ঘোষণা করা হয়। ফলে গতকাল নির্ধারিত নির্বাচন অনুষ্ঠিত হয়নি।