আওয়ামীলীগের ১০ নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
পাবনার ঈশ্বরদী উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের ১০ জন নেতা-কর্মী গতকাল সোমবার দুপুরে দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন।পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এম এম সোহেল, যুবলীগের সহসভাপতি বেলাল হোসেন, ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম, ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান রাসেলসহ ওয়ার্ড পর্যায়ের ১০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দলীয় কার্যালয়ে গিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে দল বদল করেন। এ সময় তাঁরা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও দুঃশাসনের প্রতিবাদে তাঁরা দল বদল করেছেন। তাঁদের অনুসারী আরও ৩০ জন নেতা-কর্মী দল বদল করবেন। পৌর বিএনপির সহসভাপতি সুমার খান ও যুগ্ম সম্পাদক আমিনুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা বলেন, যাঁরা দল বদল করেছেন, তাঁরা পৌর আওয়ামী লীগের কোনো পরিপূর্ণ নেতা-কর্মী নন। তাঁদের নাম বহিষ্কারের তালিকায় ছিল।