রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহানের মৃত্যুর ঘটনার সার্বিক বিষয় তদন্ত করবে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি। গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
ওই কমিটি আকতার জাহানের মৃত্যুর পর তাঁর সাবেক স্বামী তানভীর আহমদ সম্পর্কে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত তথ্য খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মামুন আবদুল কাইয়ুম জানান, আগের কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সভায় ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০১০’-এর আলোকে সাত সদস্যের নতুন কমিটি করা হয়। এতে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সেলিনা পারভীনকে সভাপতি ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসি মহলকে সদস্যসচিব করা হয়েছে। তাঁদের আকতার জাহানের মৃত্যুর ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সূত্রে জানা গেছে, আকতার জাহানের আত্মহত্যার পর তাঁর সাবেক স্বামী একই বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমদ সম্পর্কে বিভিন্ন তথ্য গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। এসব তথ্য খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দেওয়া হয়।
এ বিষয়ে একজন সিন্ডিকেট সদস্য বলেন, ওই চিঠি আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি শনিবার রাতে সিন্ডিকেট সভায় উত্থাপন করে। আলোচনার পর যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।