আকরামের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার বিভিন্ন কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ও কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে।
আকরামের প্রধান নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট, ১৩ নম্বর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), ১৩ নম্বর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা), মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
সকালে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট কেন্দ্রে গিয়ে এই প্রতিবেদক আকরামের এজেন্টদের দেখতে পাননি। এ বিষয়ে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রুহুল আমিন দুপুরে প্রথম আলোকে বলেন, পোলিং এজেন্ট বের করে দেওয়ার তথ্য সত্য নয়। তিনি দাবি করেন, সকাল আটটায় ভোট শুরু হলেও এস এম আকরামের পোলিং এজেন্টরা দেরিতে এসেছেন। এখন তাঁরা কেন্দ্রে আছেন।
কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিম ওসমান বলেন, ‘এটা দেখার জন্য নির্বাচন কমিশন আছে।তারাই এটা দেখছে।আমার জানা মতে, এমন কিছু ঘটার কথা না।’
রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ দাবি করেন, বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ পেয়ে তাত্ক্ষণিকভাবে খোঁজ নিয়েছেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা মেলেনি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে।
নারায়ণগঞ্জ-৫ আসনে মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ৪০৫ জন। এর মধ্যে কেবল বন্দরের ভোটার দুই লাখ ১০ হাজার ৯৬ জন। শহরের ভোটার এক লাখ ৪১ হাজার ৩০৯ জন। এতে বন্দরের ভোটেই নির্ধারিত হবে প্রার্থীর ভাগ্য।
সকাল আটটা থেকে বন্দরের ৮৯টি কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়েছে। ভোট চলছে শহরের ৫২টি কেন্দ্রেও।