আকলিমার ওপর অ্যাসিড নিক্ষেপকারীর গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নাখালপাড়ায় আকলিমা আকতারের ওপর অ্যাসিড ছোড়ার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী ও চারটি বেসরকারি সংস্থা। নাখালপাড়া রেলগেট এলাকায় আজ রোববার বিকেলে অ্যাসিড-সন্ত্রাসের প্রতিবাদে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে আকলিমার ভাই ইমানুর রহমান বলেন, ‘কখনো ভাবিনি আমার বোনকে এমন নির্যাতনের শিকার হতে হবে। বিয়ের পর থেকে ১৯ বছর ধরে তাঁর স্বামী নানাভাবে নির্যাতন চালাইছে। সরকারের প্রতি দাবি, যেন তাড়াতাড়ি বিচার হয়।’

প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নিয়ে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ বলেন, পুলিশ এখন পর্যন্ত অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এই সহিংসতা যারা করেছে, তারা কোনোভাবেই যেন পার পেয়ে না যায়।

আর কোনো আকলিমাকে যেন অ্যাসিডে দগ্ধ হতে না হয়—এমন আহ্বান জানিয়ে কারিতাস কর্মী বেদানা বেগম বলেন, ‘ঘরে ঘরে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশে কখনো কোনো পুরুষ দেখেছেন যে অ্যাসিডে দগ্ধ হয়েছেন?’ আকলিমার ওপর নির্যাতনের ন্যায়বিচারের জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে প্রথম আলো ট্রাস্টের প্রধান পরিচালন কর্মকর্তা আজিজা আহমেদ এবং প্রথম আলো সহায়ক তহবিলের সমন্বয়ক ফেরদৌস ফয়সাল উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শতাধিক নাখালপাড়াবাসী অংশ নেন। ওই এলাকার বাসিন্দা মো. শাহীন আল মামুন আকলিমার ওপর অ্যাসিড নিক্ষেপকারীকে দেখামাত্রই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করতে সবার প্রতি আহ্বান জানান।

১৩ জানুয়ারি শুক্রবার দুপুরে পূর্ব নাখালপাড়ায় স্বামী আবদুল কুদ্দুসের ছোড়া অ্যাসিডে পোশাক কারখানার কর্মী আকলিমার শরীরের ১৫ শতাংশ ঝলসে যায়। তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় শুক্রবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আবদুল কুদ্দুসকে আসামি করে একটি মামলা হয়েছে। তবে রোববার বিকেল পর্যন্ত অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।