আকলিমার পরিবার নিরাপত্তাহীনতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দুই মাস অতিবাহিত হলেও বরগুনায় অ্যাসিড সন্ত্রাসের মামলার আসামি গ্রেপ্তার না হওয়ায় অ্যাসিডদগ্ধ আকলিমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
আকলিমা (৩২) অভিযোগ করেন, আসামি এলাকায় প্রভাবশালী হওয়ায় তাঁর আত্মীয়স্বজনেরা প্রতিনিয়ত তাঁদের ভয়ভীতি দেখাচ্ছে। এ ছাড়া আসামি ইসমাইল খন্দকার প্রায়ই এলাকায় এসে মামলা তুলে নিতে প্রভাবশালী লোকজনকে দিয়ে চাপ দিচ্ছেন।
গতকাল শনিবার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মাসুদ বলেন, ‘আসামি ধরার জন্য আমরা জোর চেষ্টা চালাচ্ছি। কিন্তু এলাকায় না থাকায় তাঁকে ধরা যাচ্ছে না।’ আকলিমা জানান, পুলিশ শুরুতে তাঁদের মামলা নেয়নি। পরবর্তী সময়ে ২৬ জুন আদালত তা গ্রহণ করে ওই দিনই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি রাতে বড় অংকুজানপাড়া গ্রামের জেলে নূরুল ইসলামের স্ত্রী আকলিমা ঘরে একা ঘুমিয়ে ছিলেন। রাত দুইটার দিকে প্রতিবেশী ইসমাইল খন্দকার জানালা ভেঙে ঘরে ঢুকে আকলিমাকে ধর্ষণের চেষ্টা করেন। আকলিমা তাতে বাধা দিলে ইসমাইল তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়েন। এতে তাঁর মুখের ডান পাশ, ডান বাহু, ডান পাঁজর ও পিঠ ঝলসে যায়।