আকস্মিক পরিদর্শনে গিয়ে লিফটে আটকা পড়েন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালের দ্বিতীয় তলায় ওঠার সময় লিফটে আটকা পড়েন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির। মিনিট পাঁচেক আটকে থাকার পর তাঁকে বিকল্পব্যবস্থায় ওপরে ওঠানো হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে গত মাসেও হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী লিফটে আটকা পড়েছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।এ ঘটনার আগে হাসপাতালের জরুরি বিভাগ পরিদর্শনে গিয়ে হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) শফিকুল ইসলামকে কর্মস্থলে না পেয়ে প্রতিমন্ত্রী তাঁকে শোকজ করতে হাসপাতালের পরিচালককে নির্দেশ দেন। পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহজাহান জরুরি স্বাস্থ্য কর্মকর্তা (ইএমও) শফিকুল ইসলামকে তিন কর্মদিবস সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন।হাসপাতালের পরিচালক মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘সিসি ক্যামেরায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকতে দেখে দ্রুত সেখানে পৌঁছাই। এ সময় ইএমও সফিকুল ইসলাম চা খেতে ক্যানটিনে যাওয়ায় স্যার তাঁকে শোকজ করার নির্দেশ দেন। পরে হাসপাতালের সিসিও বিভাগের লিফটে দ্বিতীয় তলায় ওঠার সময় আকস্মিকভাবে লিফট থেমে যায়। পরে বিকল্পব্যবস্থায় তাঁকে ওপরে ওঠানো হয়।