আকস্মিক বাস ধর্মঘটে ছয় জেলার যাত্রীরা দুর্ভোগে
বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতির ডাকা আকস্মিক ধর্মঘটে বরিশাল, পটুয়াখালী, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল ও বেনাপোল থেকে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।বাস-ট্রাক মালিক সমিতির সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় ঢাকার গাবতলী এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় মতিয়ার নামের এক যুবক মারা যান। এর জের ধরে গতকাল দুপুরে কিছু যুবক গাবতলীতে ঈগল পরিবহনের কাউন্টারে হামলা চালিয়ে শ্রমিকদের মারধর করে তাদের পাঁচটি বাস নিয়ে যান। এর প্রতিবাদে বেলা আড়াইটা থেকে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। তবে এসব রুটে ট্রাক চলছে।গতকাল সন্ধ্যায় খুলনা নগরের শিববাড়ি, রয়েলের মোড় ও সোনাডাঙ্গা বাস কাউন্টারে গিয়ে দেখা যায়, বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকে টিকিট ফেরত দিচ্ছেন। আবার কেউ কেউ মাইক্রোবাস ঠিক করে ঢাকায় যাওয়ার উদ্যোগ নিচ্ছেন।সোনাডাঙ্গা বাস কাউন্টারে অপেক্ষারত যাত্রী মাজেদুল ইসলাম বলেন, ‘কাউন্টারে এসে জানতে পারলাম বাস বন্ধ। কাল (শুক্রবার) একটি ভাইভা আছে। কী যে করব বুঝতে পারছি না।’ মনিরুল, জায়েদ, ফারুকসহ আরও অনেকে বলেন, এভাবে না বলে গাড়ি বন্ধ করা মালিক সমিতির অভ্যাসে পরিণত হয়েছে। কিছু হলেই তারা গাড়ি বন্ধ করে দেয়। এ থেকে পরিত্রাণ দরকার।জানতে চাইলে বাস-ট্রাক মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি পবিত্র কাপুড়িয়া প্রথম আলোকে বলেন, ‘বুধবার ঈগলের একটি গাড়ির ধাক্কায় একটি ছেলে মারা গেছে। এ ঘটনায় ওই দিনই আমাদের একটি গাড়ি নিয়ে গেছে তারা। আমরা কিছু বলিনি। আজ (বৃহস্পতিবার) এসে যে গাড়ি সামনে পাচ্ছে, তা নিয়ে যাচ্ছে। এটি নিয়ে আলোচনা করা যেত। তারা তা করছে না। ফলে আমরা বাধ্য হয়ে গাড়ি বন্ধ করে দিয়েছি।’