আকস্মিক বিদ্যালয়ে সাংসদ শিক্ষক-হাজিরা খাতা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৮ (নান্দাইল) আসনের সাংসদ পূর্ব ঘোষণা ছাড়া গতকাল বুধবার নান্দাইল উপজেলার চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয় পরিদর্শনে যান। সকাল সাড়ে নয়টায় গিয়ে তিনি বিদ্যালয়ের কার্যালয় তালাবদ্ধ ও শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম দেখতে পান।
স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় শিক্ষক সূত্র জানায়, সকাল সাড়ে নয়টায় খোলা ফটক দিয়ে বিদ্যালয়ে ঢুকে সাংসদ আনোয়ারুল আবেদিন খান মাত্র দুজন শিক্ষককে দেখতে পান। খবর পেয়ে প্রধান শিক্ষক নাজির উদ্দিন আহমেদ ছুটে এসে তাঁর কক্ষ খুলে সাংসদকে নিয়ে বসান। সাংসদ শিক্ষকদের হাজিরা খাতা দেখতে চান। এ সময় কয়েকজন শিক্ষক এসে খাতায় সই করতে চান। তাঁদের সই না নিয়ে খাতাটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেন সাংসদ। এরপর তিনি কয়েকটি শ্রেণিকক্ষে যান। সেখানেও ছাত্র উপস্থিতি কম দেখতে পান। একটি কক্ষে লেখার বোর্ড ছেঁড়া অবস্থায় দেখেন। এ সময় সাংসদের প্রশ্নের উত্তরে প্রধান শিক্ষক বলেন, ‘এটি বেয়াড়া ছাত্রদের কাণ্ড।’ সাংসদ তখন সরকারি সম্পদ বিনষ্টের জন্য দায়ী ছাত্রদের চিহ্নিত করে বহিষ্কারের নির্দেশনা দেন।
আনোয়ারুল আবেদিন খান বলেন, ময়মনসিংহ শহর থেকে শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হতে না পারা ও পাঠদান চলার সময় অধিকাংশ শিক্ষার্থীর বাইরে ঘোরাফেরাসহ বিভিন্ন অভিযোগ পেয়ে গতকাল তিনি উপজেলার একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়টি পরিদর্শনে যান। গত ২৪-২৮ সেপ্টেম্বর নান্দাইলের নতুন বাজারে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে ও পুরাতন বাসস্ট্যান্ডে দেখা যায়, বিদ্যালয়ে পাঠদানের সময় বিদ্যালয়টির নির্দিষ্ট পোশাক পরা অবস্থায় অনেক ছাত্র ঘোরাফেরা করছে। আর ২৯ সেপ্টেম্বর বিদ্যালয়ের বাইরের মাঠে ১০-১৫ জন ছাত্রকে আড্ডা মারতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের চারজন শিক্ষক বলেন, দুটি ক্লাসের মাঝামাঝি ফাঁকা সময় ছাত্ররা শ্রেণিকক্ষ থেকে লুকিয়ে চলে যায়। উচ্ছৃঙ্খল ছাত্রদের হাতে নাজেহাল হওয়ার আশঙ্কায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইনুল ইসলাম বলেন, সরকারি উচ্চবিদ্যালয়ের তদারকির বিষয়টি জেলা থেকে করা হয়। তিনিও মাঝেমধ্যে বিদ্যালয়ে গিয়ে খোঁজখবর নেন।
নাজির উদ্দিন আহমেদ বলেন, ভবনের কলাপসিবল গেট বন্ধ রাখা হয়। তাই ক্লাস চলার সময় কোনো ছাত্রের পক্ষে বের হওয়া সম্ভব নয়। বিদ্যালয়ে উপস্থিত না হয়ে কোনো ছাত্র বাইরে আড্ডা মারলে শিক্ষকদের কী করার থাকতে পারে?