আকস্মিক বৃষ্টিতে কাঁচা ইট গলে হলো মাটি

বছরের এই সময়ে আকস্মিক বৃষ্টিতে ঠাকুরগাঁও ও দিনাজপুরে দেড় শরও বেশি ইটভাটার ইট নষ্ট হয়ে গেছে। বসন্তের এ সময়ে সাধারণত বৃষ্টি না হওয়ায় কাঁচা ইট রক্ষায় তাঁদের তেমন কোনো প্রস্তুতি ছিল না। পোড়ানোর জন্য প্রস্তুত এসব কাঁচা ইট বৃষ্টিতে ভিজে মাটি হয়ে গেছে।
হঠাৎ বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের ৬৭টি ও দিনাজপুরের শতাধিক ইটভাটার কাঁচা ইট নষ্ট হয়েছে। ইট নষ্ট হওয়ায় একদিকে যেমন ভাটা-মালিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তেমনি বেশ কয়েক দিনের জন্য বেকার হয়ে পড়েছেন ভাটাশ্রমিকেরাও।
ঠাকুরগাঁও সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন ইটভাটার মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, এ সময় জেলার ইটভাটাগুলোতে প্রচুর ইট তৈরি করা হয়। এসব ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন ভাটার মালিকেরা। কিন্তু গত শুক্রবার রাত থেকে আকস্মিক বৃষ্টি শুরু হয়। চলে শনিবার বিকেল পর্যন্ত। পোড়ানোর জন্য সাজিয়ে রাখা কাঁচা ইটগুলো পানিতে ভিজে কিছু মাটি হয়ে গেছে। আবার অনেক ইট নরম হয়ে ভেঙে গেছে।
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মুরাদ হোসেন বলেন, জেলায় বর্তমানে ৬৭টি ইটভাটা রয়েছে। বৃষ্টিতে প্রতিটি ভাটার ৫ থেকে ১০ লাখ পর্যন্ত কাঁচা ইট নষ্ট হয়েছে। এতে নষ্ট হওয়া ইট করিয়ে নেওয়া ইত্যাদি সব খরচ মিলিয়ে প্রতিটি ভাটার ৮ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতি হবে।
বালিয়াডাঙ্গী উপজেলার কেয়া ব্রিকসের ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, বৃষ্টিতে তাঁদের প্রায় ১৪ লাখ টাকা ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক কে এম মাউদুদুল ইসলাম বলেন, গত শুক্রবার রাত ও শনিবার বিকেল পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে গতকাল সকাল আটটা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়। দিনাজপুর আবহাওয়া কার্যালয় জানিয়েছে, বেলা দুইটা পর্যন্ত জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও চিরিরবন্দর উপজেলার এস এ ব্রিকস ইটভাটার মালিক মোজাম্মেল হক বলেন, জেলায় ১৩০টি ইট ভাটা আছে। গত শুক্রবার বিকেল থেকে জেলা সদরসহ চিরিরবন্দর ও বিরল উপজেলায় সামান্য বৃষ্টি হয়। কিন্তু গতকাল সকাল থেকে মুষলধারে বৃষ্টি নামা শুরু করে। এতে ইটভাটাগুলোর লাখো কাঁচা ইট পানিতে নষ্ট হয়। শ্রমিকেরা বেকার হয়ে পড়েন।
বিরল উপজেলার বাসিয়াপড়ায় গিয়ে দেখা যায়, তিনটি ইটভাটার ইট পানিতে ডুবে আছে। এম আর এস নামের একটি ইটভাটার মালিক আকরাম হোসেন বলেন, ‘ইট খোলায় যে পরিমাণ পানি জমেছে, তাতে আগামী ১০ দিন কাজ করা যাবে না।’