আকস্মিক সভায় প্রেসক্লাবের নতুন কমিটি
দুটি রাজনৈতিক ধারার সমর্থক সাংবাদিকদের মধ্যে আকস্মিক সমঝোতায় গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত হয়েছে। এর আগে ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে প্রায় পাঁচ মাস ধরে অচলাবস্থা চলছিল।
গতকাল আকস্মিকভাবে আহূত দ্বিবার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য সভাপতি পদে শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলাম চৌধুরীর নাম ঘোষণা করা হয়। তবে বর্তমান ব্যবস্থাপনা কমিটির দু-একজন ছাড়া কেউ ওই সভায় উপস্থিত ছিলেন না। বর্তমান কমিটি গতকাল এক বিবৃতিতে ওই সাধারণ সভাকে ‘তথাকথিত’ এবং কমিটিকে ‘অবৈধ’ বলেছে।
গত বছরের ৩০ ডিসেম্বর ক্লাবের সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। দীর্ঘ সময় ধরে প্রেসক্লাবের মূল নেতৃত্বে বিএনপি-জামায়াত সমর্থক ফোরাম থাকায় সরকার–সমর্থক ফোরাম নির্বাচনে আগ্রহী ছিল না। এ ব্যাপারে দুই ফোরামের মধ্যে সমঝোতার চেষ্টা চলছিল। এর অংশ হিসেবে আওয়ামী লীগ-সমর্থিত ফোরাম সাতটি এবং বিএনপি-জামায়াত সমর্থক ফোরাম ১০টি পদে তাদের প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে। আজ ২৯ মে বার্ষিক সাধারণ সভায় এই সমঝোতা কমিটি অনুমোদন হওয়ার কথা ছিল। কিন্তু দুই ফোরামের সমঝোতা চেষ্টা ভেঙে গেলে ১৭ মে ৬ সদস্যের নির্বাচন কমিশন পদত্যাগ করে। এতে জটিলতা আরও বেড়ে যায়। ব্যবস্থাপনা কমিটি ২৮ মে অনুষ্ঠেয় দ্বিবার্ষিক সাধারণ সভা স্থগিত ঘোষণা করে এবং ২৭ জুন অতিরিক্ত সাধারণ সভা ডাকে।
এরই মধ্যে গতকাল সাধারণ সদস্যরা প্রেসক্লাবে গিয়ে জানতে পারেন, বার্ষিক সাধারণ সভা ডাকা হয়েছে। আগের দিন উদ্ভূত পরিস্থিতি নিয়ে ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সরকার-সমর্থক ফোরাম, শওকত মাহমুদের সভাপতিত্বে বিএনপি-জামায়াত সমর্থক ফোরাম ও আমানউল্লাহ কবিরের সভাপতিত্বে জাতীয়তাবাদী ধারার একটি ফোরাম পৃথক সভা করে। গতকালের সাধারণ সভায় শওকত মাহমুদ ও রুহুল আমিন গাজীর নেতৃত্বাধীন ফোরাম অংশ নেয়নি।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে সরকার-সমর্থিত সাংবাদিক নেতা শাহজাহান মিয়ার সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভা হয়। কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে মনজুরুল আহসান বুলবুল ও সহসভাপতি পদে আমীরুল ইসলাম কাগজী, যুগ্ম সম্পাদক পদে ইলিয়াস খান ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে কার্তিক চ্যাটার্জি মনোনীত হন।
ব্যবস্থাপনা কমিটির নতুন সদস্যরা হলেন: আমানুল্লাহ কবীর, খোন্দকার মনিরুল আলম, আজিজুল ইসলাম ভূঁইয়া, সাইফুল আলম, শ্যামল দত্ত, শামসুদ্দিন আহমেদ চারু, মোল্লা জালাল, সরদার ফরিদ আহমদ, হাসান আরেফীন ও শামসুল হক দুররানী।
সভায় ক্লাবের সদস্য সংখ্যা এক হাজার থেকে এক হাজার পাঁচ শ করার প্রস্তাব গৃহীত হয়। প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত হয়। ক্লাবের আর্থিক অস্বচ্ছতার ওপর শ্বেতপত্র প্রকাশেরও সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক হাসান শাহরিয়ার, কাজী সিরাজ, আবুল কালাম আজাদ, আবদুল জলিল ভূঁইয়া, কুদ্দুস আফ্রাদ প্রমুখ।
সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, কয়েক বছর ধরে জাতীয় প্রেসক্লাব একটি গোষ্ঠী ও রাজনৈতিক দলের আখড়ায় পরিণত হয়েছে, এভাবে ক্লাব চলতে পারে না।
ব্যবস্থাপনা কমিটির বক্তব্য: ব্যবস্থাপনা কমিটি গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন করে এ ধরনের তথাকথিত সভা ক্লাবের গণতান্ত্রিক ঐতিহ্য ও সংস্কৃতির পরিপন্থী। এটা ক্লাবের অখণ্ডতা ও সাংবাদিক সমাজের বৃহত্তর ঐক্য বিনষ্ট করবে।
ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ ব্যবস্থাপনা কমিটির পক্ষে দেওয়া এই বিবৃতিতে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সমাধানে বর্তমান কমিটি নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী ২৭ জুন অতিরিক্ত সাধারণ সভা ডাকা হয়েছে সংকট নিরসনের পন্থা বের করার জন্য। এরই মধ্যে অন্য কারও দ্বিবার্ষিক-বার্ষিক সাধারণ সভা করার নৈতিক ও আইনগত অধিকার বা বৈধতা নেই।
কাল দায়িত্ব গ্রহণ: নতুন সভাপতি শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, জাতীয় প্রেসক্লাবের অস্তিত্ব রক্ষায় এর বিকল্প আর কিছু ছিল না। প্রেসক্লাবকে পেশাদার সাংবাদিকদের ক্লাবে পরিণত করাই হবে তাঁর চেষ্টা। সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, প্রেসক্লাব হবে দলমতের ঊর্ধ্বে পেশাদার সাংবাদিকদের সংগঠন। কারও রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থে ক্লাব পরিচালিত হবে না।
কাল শনিবার নতুন কমিটি দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।