আকামা বদল সৌদি শ্রমবাজার উন্মুক্ত হওয়ার প্রথম ধাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকামা পরিবর্তনের সুযোগ বাংলাদেশের জন্য সৌদি আরবের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান-মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। তিনি গতকাল রোববার দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আকামা পরিবর্তনের সুযোগ দেওয়ার মাধ্যমে সৌদি আরবের সরকার আমাদের দেশের জন্য বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে। এখন অবৈধভাবে যাঁরা সৌদি আরবে রয়েছেন, তাঁরা দেশে ফিরে আবার বৈধভাবে সৌদি আরবে যেতে পারবেন।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে সৌদি সরকারের সঙ্গে আকামা পরিবর্তনে সুযোগ দেওয়ার জন্য আমরা কূটনৈতিক তৎপরতা চালিয়েছি। অবশেষে তাঁরা সেই সুযোগ দিলেন।’

মন্ত্রী বলেন, ‘আমরা সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পর্যাপ্ত জনবল নিয়োগ করে এ সুযোগ কাজে লাগাতে চাই।’ সংবাদ সম্মেলনে তিনি ওমানের শ্রমবাজার সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, সাধারণ শ্রমিকের পাশাপাশি চিকিৎসক নেওয়ার জন্য কৌশল নির্ধারণ করতে ওমান থেকে শিগগির একটি কারিগরি দল আসবে।

খন্দকার মোশাররফ সম্প্রতি ওমান সফরকালে দেশটির উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠককে ফলপ্রসূ দাবি করে তিনি বলেন, বোয়েসেলের মাধ্যমে ওমানে সরকারি পর্যায়ে শ্রমিক পাঠানো হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের অন্যতম শ্রমবাজার সৌদি আরব। একসময় দেশটিতে বছরে লাখ খানেক করে কর্মী গেলেও চার বছর ধরে কর্মী পাঠানো প্রায় বন্ধ। এ ছাড়া সৌদি সরকার বাংলাদেশিদের আকামা পরিবর্তনের সুযোগ দিচ্ছিল না। ফলে প্রবাসী বাংলাদেশিরা দুর্ভোগে ছিলেন। সৌদি সরকার সেই সুযোগ দেওয়ায় তাঁদের এ দুর্ভোগের অবসান হচ্ছে। গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিষয়টি জানিয়েছেন। এই সুযোগ দেওয়ায় তাঁরা সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন্নাহারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির কৃতজ্ঞতা: রাষ্ট্রপতির কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সৌদি আরবে কর্মরত বাংলাদেশিসহ সব বিদেশি শ্রমিকদের আকামা পরিবর্তনের সুযোগ দেওয়ায় দেশটির বাদশাহ আবদুল্লাহ বিন-আবদুল আজিজ আল সৌদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। গতকাল সৌদি বাদশাহকে পাঠানো চিঠিতে তিনি এ কৃতজ্ঞতা জানান।

চিঠিতে রাষ্ট্রপতি সৌদি বাদশাহকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।