আকারে বেড়েছে সিটি, বাড়েনি সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর পৌরসভা ২০১২ সালে সিটি করপোরেশন হয়েছে। আয়তন বেড়েছে প্রায় চার গুণ। ভূমিকরও বেড়েছে, কিন্তু এখনো বর্ধিত এলাকার নাগরিকেরা কোনো সুযোগ-সুবিধাই পাননি। বরং ইউনিয়ন থাকার সময়ের সুবিধাগুলোও হারিয়েছেন।

রংপুর পৌরসভার আয়তন ছিল ৫২ বর্গকিলোমিটার, ওয়ার্ড ছিল ১৫টি। সিটি করপোরেশন হওয়ার পর এখন আয়তন ২০৩ বর্গকিলোমিটারের কিছু বেশি, ওয়ার্ডসংখ্যা ৩৩টি। সিটি করপোরেশনে এসেছে আগের সাতটি ইউনিয়ন—উত্তম, পরশুরাম, তামপাট, তপোধন, রাজেন্দ্রপুর, সাতগাড়া ও দর্শনা।
সিটি করপোরেশন হওয়ার পর বর্ধিত এলাকায় ভূমিকর বেড়েছে। পৌরসভায় বাসাবাড়ির ১ শতাংশ ভূমিকর ছিল সাত টাকা। ইউনিয়নে এ কর ছিল পাঁচ টাকা। গত বছর ভূমি মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কৃষিজমির ২৫ বিঘার ওপর খতিয়ান প্রতি দুই টাকা ও বাসাবাড়ির কর শতকপ্রতি ৫০ টাকা ঠিক করে। আর কৃষিজমির বাণিজ্যিক ব্যবহার করতে হলে শতকপ্রতি কর দিতে হচ্ছে ২৫০ টাকা। আগে এর পরিমাণ ছিল ২২ টাকা।
১৪ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি এলাকার (সাবেক সাতগাড়া ইউনিয়ন) বাসিন্দা রবীন্দ্র ঝাঁ প্রথম আলোকে বলেন, ‘সিটি হওয়ার পর আমাদের কোনো লাভ হয়নি। বরং ভূমিকর বেড়েছে। এতে জমির দাম কমে গেছে।’
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ‘বিশাল এলাকা নিয়ে সিটি করপোরেশন করা যেতে পারে। সে ক্ষেত্রে নাগরিক সেবা নিশ্চিত হচ্ছে কি না, সে বিষয়টি দেখতে হবে।’
রংপুর সিটিতে গ্রামগুলোকেও অন্তর্ভুক্ত করার বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘গ্রামের বাসিন্দারা এখন শহরের নাগরিক হিসেবে পরিচিত হচ্ছেন। কিন্তু শহরের সেবা থেকে বঞ্চিত যাতে না হন, সে বিষয়ে সিটি করপোরেশনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সিটি করপোরেশনের ৩০, ৩২, ৩৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর নাজমুননাহার প্রথম আলোকে জানান, ‘সিটি করপোরেশনের বর্ধিত এলাকাগুলো ইউনিয়ন পরিষদের অধীনে থাকায় টিআর, কাবিখাসহ বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা পেতেন। সিটির নাগরিকেরা সাধারণত এ সুবিধাগুলো পান না।’ নগরের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাফিউল ইসলাম বলেন, সিটি করপোরেশন হওয়ায় সাবেক ইউনিয়ন পরিষদের দেওয়া বয়স্ক ভাতা, বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে।
সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হওয়া বেশ কয়েকজন নাগরিকের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ধিত সিটির অর্ধেকের বেশি এলাকার মানুষ আগে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতেন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে। এখন এসব স্বাস্থ্যকেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় যেকোনো স্বাস্থ্যসেবা পেতে তাঁদের এলাকাভেদে গড়ে ৮ থেকে ১০ কিলোমিটার পেরিয়ে যেতে হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধিত নতুন ওয়ার্ডগুলোর সবাই এখনো বিদ্যুৎ সংযোগ পাননি। একই শহরের অধিবাসী হয়েও তিন বছর ধরে নাগরিকেরা দুই ধরনের বিদ্যুৎ বিল দিচ্ছেন। আগের ইউনিয়নবাসীরা এখনো পল্লী বিদ্যুতের বিল দিচ্ছেন, যা পিডিবির চেয়ে ইউনিট প্রতি ৩৪ পয়সা বেশি।
এ বিষয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা পিডিবির সঙ্গে কথা বলে নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে বিদ্যুৎ সরবরাহের জন্য বলেছি। পল্লী বিদ্যুতের সঙ্গে আলোচনা করে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি সমাধান করতে সময় লাগছে।’
সিটি করপোরেশন হলেও বর্ধিত এলাকায় নলে পরিবাহিত পানি সরবরাহের ব্যবস্থা নেই। সেখানকার মানুষ নিত্যপ্রয়োজনে আগের মতোই নলকূপ ও পুকুরের পানি ব্যবহার করছেন। রংপুর সিটি করপোরেশনে মেট্রোপলিটন পুলিশও পুরোপুরি গড়ে ওঠেনি। প্রায় আট লাখ মানুষের নিরাপত্তায় রয়েছে সাবেক পৌরসভার একটি থানা (কোতোয়ালি) ও তিনটি পুলিশ ফাঁড়ি। এগুলোতে আছে ১১২ জন পুলিশ। পুলিশ সুপারের কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায়, মেট্রোপলিটন পুলিশ গড়ে তুলতে ছয়টি থানা ও পাঁচ হাজার ১০০ পুলিশের প্রস্তাব দিয়ে গত বছর ঢাকায় একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের নগর সরকার বলা হয়। কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ বাজেট ও ক্ষমতা নেই। আমাদের লোকবল ও অবকাঠামো–সুবিধা কম।’ তিনি আরও বলেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের কাজের সমন্বয় না থাকায় সিটির উন্নয়নকাজ ধীরগতিতে এগোচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের মাত্র ৫০ বর্গকিলোমিটার এলাকায় সড়কবাতি আছে। এর সব কটি আবার জ্বলেও না। সন্ধ্যার পরপরই বর্ধিত এলাকার অধিকাংশ সড়ক অন্ধকারে থাকে। বড়বাড়ি বাজারের মোড়ে একটি সড়কবাতি দেখিয়ে বাসিন্দা রবীন্দ্র ঝাঁ বলেন, বাতিটা নষ্ট হয়ে যাওয়ার পর ঠিক করতে এখনো কেউ আসেনি।
সিটি করপোরেশনের মোট রাস্তার পরিমাণ ১৪২৭ দশমিক ৮৮ কিলোমিটার। এর মধ্যে পাকা রাস্তা মাত্র ৪৫০ কিলোমিটার আর কাঁচা রাস্তা প্রায় ৯২২ কিলোমিটার। এর মধ্যে সিটি করপোরেশনের আওতায় ২৩৫ কিলোমিটার রাস্তার পাশে নালা তৈরি হয়েছে। কাউন্সিলর নাজমুননাহার বলেন, সাবেক তামপাট ইউনিয়নের এই অংশে যাতায়াতের জন্য এখনো কোনো পাকা সড়ক গড়ে ওঠেনি। বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এলাকার কাঁচা সড়কগুলো। অন্যদিকে সব পরিবার বিদ্যুৎ–সংযোগ না পাওয়ায় তাঁদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সাবেক দেওডোবা ইউনিয়নের অধিবাসী নুরুন্নাহার সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে বলেন, ‘সিটি করপোরেশন হওয়ায় কী হইল, আগে যা ছিল তা-ই তো আছে। রাস্তাগুলো যেমন ছিল, তেমনই আছে। টার্মিনাল থেকে বড়বাড়ির রাস্তাটা পাকা ছিল ইউনিয়ন থাকার সময়েই। এরপর রাস্তার আর কোনো কাজ হয় নেই।’