
হাতুড়ি–পেরেকের ঠোকাঠুকি প্রায় শেষ। অবয়ব দাঁড়িয়ে গেছে। কাঠ আর প্লাইউড দিয়ে চলছে ভেতর–বাইরের সাজানোর কাজ। কোথাও লাগছে রঙের প্রলেপ, লাগানো হচ্ছে নামফলক।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মযজ্ঞ অমর একুশে গ্রন্থমেলার। সবচেয়ে বড় আকারের মেলা হচ্ছে এবার। শীত-কুয়াশা উপেক্ষা করে কাজ চলছে ভোর থেকে অনেক রাত পর্যন্ত। একটাই অপেক্ষা, কখন কাঁচা আঠা আর টাটকা কাগজের গন্ধমাখা নতুন বইগুলো নিজেদের মেলে ধরবে অগণিত পাঠকের সামনে। হাতে সময় কম, আজকের দিনটি বাদ দিলে আর মাত্র কয়েক ঘণ্টা। কাল ১ ফেব্রুয়ারি বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।
গতকাল মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, চারপাশে চলছে স্টল বানানো এবং সাজসজ্জার প্রস্তুতি। শ্রমিক এবং শিল্পনির্দেশকেরা কাজ করছেন। বেশ কয়েকজন প্রকাশকও দেখা গেল কাজ তদারক করছেন। শ্রমিকেরা জানান, প্রায় ৬০ ভাগের মতো কাজ হয়েছে। আজ বুধবার সন্ধ্যার আগেই বাকি কাজ শেষ করার পরিকল্পনা আছে।
বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ৫ লাখ বর্গফুট হবে মেলার আয়তন। এত বড় আকারের মেলা আগে হয়নি। শুধু পরিসর নয়, মেলার সময়ও বাড়ছে। এবার মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। গতবারের মতো এবারও মেলার ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে নিরাপদ ইভেন্টস।
গতকাল একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক জালাল আহমেদ, নিরাপদ ইভেন্টসের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মেলার মূল পৃষ্ঠপোষক বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কামাল কাদের প্রমুখ।
এবার মোট ৪৫৫টি প্রতিষ্ঠানকে ৭১৯টি ইউনিট এবং ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে ২৫টি (বাংলা একাডেমির ২টি) প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। বর্ধমান হাউসের পেছনে লিটল ম্যাগাজিন কর্নারে ১৩৬টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। গ্রন্থমেলায় বাংলা একাডেমি এবং অন্যান্য প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে। কামাল কাদের জানিয়েছেন, বিকাশের মাধ্যমে বই কিনলে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে।
বিগত কয়েক বছর মেলার উদ্বোধনের দিন থেকেই আন্তর্জাতিক সাহিত্য উৎসব শুরু হতো। এবার হচ্ছে এর ব্যতিক্রম, ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে স্বাগতিক বাংলাদেশসহ আটটি দেশের ১৫ জন কবি-লেখক-বুদ্ধিজীবী অংশগ্রহণ করবেন। এবারের মেলার বাংলা একাডেমি চত্বর উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীকে। এ ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের অংশকে ভাগ করা হয়েছে ১১ জন বিশিষ্টজনের নামে। সাজসজ্জার প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিরাপদ ইভেন্টসের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জানান, মেলায় আগত মানুষের বসার স্থানসহ নান্দনিক ফুলের বাগানও বানানো হয়েছে। গতবারের ত্রুটি থেকে শিক্ষা নিয়ে এবার আরও সুন্দর ও পরিপাটি করে মেলা সাজানো হচ্ছে।