
দুরারোগ্য ক্যানসারে বাবা মারা গেলে নয় বছর আগেই অথই জলে পড়ে তানজিনার পরিবার। এক ভাই রিকশা চালিয়ে, আরেক ভাই বাড়ি বাড়ি দই বিক্রি করে হাল ধরেন সংসারের। আর কাঁথা সেলাই করে তানজিনাও হয় তাঁদের সহযোগী। নিজের ও ছোট দুই ভাইয়ের পড়ার খরচ চালিয়ে তানজিনা এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
দুর্গম পাহাড় ডিঙিয়ে এভাবে আকাশ ছোঁয়ার গল্প কিশোরগঞ্জের শুধু তানজিনারই নয়। পটুয়াখালীর প্রতিমা, রংপুরের রবিউল আর সিরাজগঞ্জের রনির গল্পও তার মতোই। একেবারে গরিব পরিবারের এ সন্তানেরা কখনো না খেয়ে, কখনো অন্যের জন খেটে, কখনো বা তেলের অভাবে বাতির সলতেটা জ্বালাতে না পেরে অন্ধকারেই রাত কাটিয়েছে। কিন্তু কোনো বাধাই আটকে রাখতে পারেনি তাদের। সাহস, দুর্নিবার আকাঙ্ক্ষা, হাড়ভাঙা পরিশ্রমে ভর করে আঁধার পেরিয়ে আলো ছুঁয়েছে তারা।
সুই-সুতায় মোড়া তানজিনার জীবন: কিশোরগঞ্জ সদর উপজেলার করমুলী গ্রামের তানজিনা শহরের এস ভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি দেয়। বাবা আফিরউদ্দিন ছিলেন কৃষিশ্রমিক। মা হুসনাহার গৃহিণী। আফির-হুসনাহার দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তানজিনাই হলো একমাত্র মেয়ে।
বড় ভাই ইলিয়াসের পেশা দই বিক্রি করা। আরেক ভাই এখলাসের রিকশা চালানো। ছোট ভাই আন্নাস কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্র। সবার ছোট জাকির এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেবে।
গত শনিবার বিকেলে বাড়িতে গিয়ে দেখা যায়, দুই কক্ষের কাঁচা ঘর তানজিনাদের। যে টেবিলটিতে পড়াশোনা করে ব্যবসা শিক্ষা শাখা থেকে সে ভালো ফল করেছে, সেটি বাঁশ ও কাঠ দিয়ে নিজেদের বানানো। মেয়ের ভালো ফলাফলের অনুভূতি জানতে চাওয়ামাত্র কেঁদে ফেললেন মা হুসনাহার। মাকে কাঁদতে দেখে চোখ মোছেন বড় ভাই ইলিয়াস ও এখলাস।
হুসনাহার বলেন, ‘বাবা কি কমু। কষ্টের পড়া। এত কষ্ট কইরা কেউ পড়ে না।’ জানালেন, তানজিনা কাঁথা সেলাই ও শাড়িতে জরি বুননের কাজ করে ভালো টাকা আয় করত। পরীক্ষার এক সপ্তাহ আগেও সে কাজ করেছে। ছেলেদের আয় দিয়ে সংসার চলছে আর তানজিনার আয় দিয়ে সন্তানদের পড়াশোনা চলছে।’
প্রশিক্ষণের কাজে ঢাকায় থাকা তানজিনা ‘ভালো লাগছে’—মুঠোফোনে এই অনুভূতিটা জানাতে গিয়ে তার গলা ভার হয়ে ওঠে। ব্যাংকার হওয়ার স্বপ্নের কথা জানায় সে। শঙ্কার কথা জানায়, স্বপ্নপূরণে হয়তো বড় বাধা হয়ে দাঁড়াবে তার আর্থিক অসংগতি।
বাবার অন্ধকার পৃথিবী আলোকিত করল প্রতিমা: দৃষ্টিপ্রতিবন্ধী বাবার প্রতিবন্ধী ভাতায় সংসার চলে না প্রতিমা রানী দাসের পরিবারের। তাই মা ঋণ নিয়ে পাইকারি মালামাল কিনে বাবার হাত ধরে দোকানে দোকানে গিয়ে ফেরি করেন। যা আয় হয় তা দিয়েই খেয়ে না-খেয়ে দিন কাটে। এই অভাবও দমিয়ে রাখতে পারেনি মেধাবী প্রতিমাকে।
প্রতিমা দুই ভাইবোনের মধ্যে ছোট। বাবা গৌতম দাস ও মা গীতা রানী। বাসা ভাড়া করে থাকার সামর্থ্য না থাকায় দাদি পটুয়াখালী জেনারেল হাসপাতালে ঝাড়ুদার কাজল রানীর ভাড়া করা একটি ছোট্ট ঘরে আশ্রয় মেলে প্রতিমাদের।
ছোট ছোট বাচ্চাদের প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছে প্রতিমা। লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ আর হাড়ভাঙা পরিশ্রম তাকে সাফল্যের শীর্ষে নিয়ে গেছে। প্রতিমা এ বছর পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। প্রাথমিক সমাপনীতে প্রথম বিভাগ ও জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল সে। জিপিএ-৫ পেয়ে সে বাবার অন্ধকার পৃথিবীটা আলোয় ভরিয়ে তুলেছে।
প্রতিমার বাবা গৌতম দাস মেয়ের ভালো ফলাফল শুনে কেঁদে ফেলেন। বলেন, ‘আমি ওর জন্য কিছুই করতে পারি নাই। লেখাপড়া চালিয়ে যেতে চায় ও। কিন্তু আমার সামর্থ্য নেই। কীভাবে ওর লেখাপড়া চলবে?’
শুধু লেখাপড়াই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে প্রতিমা। প্রথম আলো পটুয়াখালী বন্ধুসভার সদস্য প্রতিমা বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে অনেক সুনাম অর্জন করেছে।
ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্নে বিভোর প্রতিমা জানায়, বাবা তিন মাস বয়সে টাইফয়েডে চোখ হারান। তাঁর চোখ হারানোর সঙ্গে সঙ্গে অন্ধকার নেমে আসে সংসারেও। চিকিৎসক হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চায় সে।
দিনমজুরি করেই মুখ উজ্জ্বল করল রবিউল: কখনো দিনমজুরি, কখনো অন্যের বাড়িতে লজিং, কখনো শিক্ষার্থীদের পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ মিটিয়েছে রংপুরের কাউনিয়া উপজেলার নাজিরদহ একতা উচ্চবিদ্যালয়ের রবিউল ইসলাম। বাড়িতে বিদ্যুৎ নেই, পড়ার মতো ঘর নেই। জোটেনি দুবেলা ভাত। তবু জিপিএ-৫ পেয়ে অদম্য মেধাবী সে।
অসচ্ছলতায় রবিউলের চার ভাই ও তিন বোন পড়াশোনা করতে পারেননি। পরিবারে সবার ছোট রবিউল। বাবা আবদুর রাজ্জাক দিনমজুরি করতে করতে দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে শয্যাশায়ী। মা সালেহা বেগম অন্যের বাড়িতে কাজ করে যা পান তা দিয়েই কোনোরকমে এক বেলার ভাত জোটান। আর দিনমজুরির আয় দিয়ে পড়াশোনা চালিয়ে মাকে সহায়তা করে রবিউলও।
রবিউল জানায়, বই-খাতা কেনার সামর্থ্য ছিল না। কারও কাছে টাকা চাইলে কেউ দিতে চাইতেন না। গরিব ঘরের ছেলে হয়ে পড়ালেখা করায় অনেকেই তিরস্কার করেছেন। তাই জেদ ধরেছিল, দিনমজুরির কাজ করে হলেও পড়াশোনা চালিয়ে যাবে। চাকরি করবে। কিন্তু পড়ার মতো বাড়িতে ঘর ও বিদ্যুৎ না থাকায় আজ এক বন্ধু তো কাল অন্য বন্ধুর বাড়িতেই কেটেছে তার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী বলেন, ‘এবার স্কুল থেকে চার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। রবিউল একজন। ও কষ্টের কথা কাউকে কোনো দিন বলেনি। দিনমজুরি করে পড়াশোনা চালিয়ে ও স্কুলের মুখ উজ্জ্বল করেছে।’
জিপিএ-৫ পেয়েও চিন্তিত রনি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রনি আহমেদ জিপিএ-৫ পেয়েও চিন্তিত। গরিব ঘরে জন্ম তার। মানুষ হওয়ার স্বপ্ন পূরণ করতে উচ্চমাধ্যমিক পড়ার সুযোগ পাবে কি না, তা চিন্তায় অস্থির সে।
উপজেলার জে কে আবদুল মান্নান উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এই বছর ভালো ফল করেছে রনি। গতকাল রোববার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কাজিপুর গ্রামে রনিদের বাড়ি গিয়ে কথা হয় বাবা-মায়ের সঙ্গে। বাবা ফজলুল হক রিকশাভ্যানচালক। মা আজমিয়ারা বেগম গৃহিণী।
ভূমিহীন পরিবারটির সহায় কেবল বসতবাড়িটুকুই। তিন ছেলের মধ্যে রনি সবার বড়। ২০১০ সালে প্রাথমিক ও ২০১২ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষাতেও বৃত্তি পায় সে। রনির ইচ্ছা উচ্চমাধ্যমিক শেষে মেডিকেলে পড়বে।
মা বলেন, ‘ছেলের লেখাপড়ার সময় ভালো খাবার, ভালো কাপড়-চোপড় দিতে পারতাম না। তবু সে পরীক্ষায় ভালো করেছে।’ বাবা বলেন, ‘পাশের বাড়ি থেকে সংযোগ নিয়ে বিদ্যুতের একটি বাতি আমার ঘরে জ্বলে। সেই আলোতেই ছেলে পড়াশোনা করে এত ভালো ফল করে।’
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, ভৈরব (কিশোরগঞ্জ), রংপুর ও পটুয়াখালী এবং রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি}