আকাশ-নদীর টানে পদ্মার পাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনান্তে একটু প্রশান্তির আশায় নিরিবিলি ঘোরার জায়গা খুঁজে নাগরিক মন। বিকেল হলেই রাজশাহী শহরের লোকজন ভিড় জমান পদ্মার পাড়ে। ছবিটি বুধবার বিকেলের l শহীদুল ইসলাম
দিনান্তে একটু প্রশান্তির আশায় নিরিবিলি ঘোরার জায়গা খুঁজে নাগরিক মন। বিকেল হলেই রাজশাহী শহরের লোকজন ভিড় জমান পদ্মার পাড়ে। ছবিটি বুধবার বিকেলের l শহীদুল ইসলাম

বালু পড়ে চরটা আরেকটু উঁচু হয়েছে। তীরে দাঁড়ালে দ্বীপের মতো মনে হয়। নিচেই টলমল পদ্মার পানি। দূরে পানি ছুঁয়ে আছে আকাশ। সেদিকে তাকাতেই জুড়িয়ে যাবে প্রাণ।
ইট-কাঠ-পাথরে বন্দী নাগরিক জীবনে একটু প্রশান্তি আনার জন্য এ রকম জায়গার তুলনা নেই। রাজশাহী নগরের পাঠানপাড়ায় পদ্মার ধারে লালনমঞ্চের নিচের এই সৌন্দর্যে মুগ্ধ সবাই।
রাজশাহী নগরের বাসিন্দাদের সুস্থ বিনোদনের জন্য এখন একমাত্র জায়গা হয়ে উঠেছে এই পদ্মার ধার। আগে এই জায়গা পরিত্যক্ত ছিল। সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের সময় এই এলাকায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন পার্ক তৈরি করা হয়। সেই সঙ্গে নির্মাণ করা হয় ২ হাজার ৫৫৮ দশমিক ৮৫ বর্গমিটার ওয়াকওয়ে। ওই পথে হেঁটে হেঁটে বিনোদনপিয়াসি মানুষ নেমে যায় বালুচরে। প্রতিদিনই মানুষ এখানে কমবেশি এলেও ছুটির দিনগুলোতে থাকে উপচে পড়া ভিড়।
গত শুক্রবার এই চরে গিয়ে দেখা যায়, সপরিবারে বেড়াতে এসেছেন রাজশাহী নগরের অনন্যা শিশু শিক্ষালয়ের অধ্যক্ষ বুলবুল নাহার। তাঁর স্বামী আসাদুজ্জামান বলেন, তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। সপ্তাহে একটি দিন পরিবারের জন্য ব্যয় করেন। এরই অংশ হিসেবে পদ্মাপারে আসা। এখানে এলে মনটা হালকা হয়ে যায়।
রাজশাহী পর্যটন মোটেলের চাকুরে আমিনা আনসারি বললেন, রাজশাহীর মানুষের নিশ্বাস নেওয়ার মতো এই একটি জায়গাই রয়েছে। বিকেলে সুযোগ পেলেই এখানে আসি। নির্মল বাতাস। বুক ভরে দম নেওয়া যায়।
রাজশাহী কলেজ থেকে সদ্য স্নাতকোত্তর পাস করেছেন মিঠুন আলী সরদার। তাঁর বাড়ি দুর্গাপুর উপজেলায়। এখন শহরে থেকে চাকরির জন্য পড়াশোনা করছেন। বিকেল হলেই পদ্মার পারে আসেন। বললেন, এই জায়গাটা শহরের মানুষের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। এ এক মজার জায়গা।
এদিন ঘুরতে এসেছিলেন রাজশাহী মহিলা কলেজের ছাত্রী সাহানারা জেসমিন। সঙ্গে ছিলেন তাঁর বোন যূথী খাতুন ও কবিতা খাতুন নামের একজন। সাহানারা বলেন, জায়গাটা নির্মল বিনোদনের। শিক্ষার্থীদের সুস্থ বিনোদনের জন্য এর মতো জায়গা হয় না। সুযোগ পেলেই তাঁরা দল বেঁধে ছুটে আসেন। এবার চরটা একটু উঁচু হওয়ায় নিচে নেমে যেতে আরও ভালো লাগছে।
গত মঙ্গলবার পদ্মার পারে পাওয়া গেল ক্লেমন-ক্রিকেট একাডেমির প্রশাসনিক কর্মকর্তা রাশেদ আরেফিনকে। তিনি বলেন, জায়গাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্ষায় পানি যেভাবে বেড়েছিল, তাতে মনে হয়েছিল যে এলাকাটা পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাবে। কিন্তু পানি সরে যাওয়ার পর দেখা গেল এখানে সুন্দর একটা চর জেগে উঠেছে। তিনি বলেন, প্রতিদিন বিকেলে এখানে এত মানুষের ভিড় হচ্ছে, তাতে আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজন পড়তে পারে। বিকেলে এই এলাকায় প্রশাসনের নজরদারি থাকা উচিত।
জানতে চাইলে রাজশাহী নগরের বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার ইবনে মিজান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘প্রতি শুক্রবার ওই এলাকায় জনসমাগম বেশি হচ্ছে। আমরা কাল (১১ নভেম্বর) থেকে সেখানে পুলিশের একটি টহল দল রাখব। এ ছাড়া লালনশাহ মঞ্চে কোনো অনুষ্ঠান থাকলে পুলিশের টহল নিয়মিত থাকে।’