আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছিল। এতে জনজীবনে দুর্ভোগের পাশাপাশি বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) খেলাও। তবে আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরই মধ্যে শুরু হয়েছে বিপিএলের খেলাও।
সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের সৈয়দপুরে ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল খুলনার চুয়াডাঙ্গায় ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ৯ মিনিটে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানা গেছে।
আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রাঙামাটি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।