আকাশ সংস্কৃতির যেসব বিষয় দেশের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তা গ্রহণ করে মন্দ ও দেশীয় সংস্কৃতির পরিপন্থী বিষয় বর্জনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত শিল্পকলা পদক-২০১৬ বিতরণ অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) যুগে আকাশ সংস্কৃতি এখন বাস্তবতা। কিন্তু জনগণ ও সংস্কৃতিকর্মীদের ভালো জিনিস গ্রহণ এবং যা মন্দ ও দেশের জন্য ক্ষতিকর, তা বর্জন করতে হবে। আকাশ সংস্কৃতির মাধ্যমে দেশের সুদীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকগাথা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য সংস্কৃতিকর্মীদের আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি আশা প্রকাশ করে বলেন, সৃজনশীল বাংলাদেশ নির্মাণ এবং দেশের লোকসাহিত্য ও ঐতিহ্য বিকাশে শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভূমিকা রাখবেন।
সাতটি বিষয়ে সাতজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে শিল্পকলা পদক-২০১৬ প্রদান করেন রাষ্ট্রপতি। তাঁরা হলেন যন্ত্রসংগীতে পবিত্র মোহন দে, নৃত্যকলায় মো. গোলাম মোস্তফা খান, আলোকচিত্রে গোলাম মুস্তাফা, চারুকলায় কালিদাস কর্মকার, লোকসংস্কৃতিতে সিরাজ উদ্দিন খান পাঠান, নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ ও কণ্ঠসংগীতে মিতা হক।
পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘তরুণসমাজ আপনাদের অনুকরণ করতে পছন্দ করে। তাই তাদের প্রতি আপনাদেরও দায়বদ্ধতা রয়েছে।’
রাষ্ট্রপতি আরও বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে সাংস্কৃতিক ব্যক্তিরা অবদান রেখেছেন। একজন সফল সংস্কৃতিকর্মী ভ্রাম্যমাণ কূটনীতিকের মতো। তিনি তাঁর দীপ্ত উপস্থিতি, প্রতিভা, কর্ম দিয়ে দেশ ও জাতিকে বিশ্বসভায় আপন মহিমায় তুলে ধরতে পারেন।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতিবিষয়ক সচিব মো. ইব্রাহীম হোসেন খান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বক্তব্য দেন।