আকাশপথে আবার পণ্য যাবে অস্ট্রেলিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে আকাশপথে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা শিথিল করেছে অস্ট্রেলিয়া। পণ্যবাহী এসব বিমান তৃতীয় দেশ হয়ে অস্ট্রেলিয়া যাবে। ৫ মে ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন ওই দেশের সরকারের কাছ থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছে।
গতকাল সোমবার সচিবালয়ে নিজ সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, নিরাপত্তায় ‘রেডলাইন অ্যাভিয়েশন সিকিউরিটি’ কাজ শুরু করার পর নতুন মর্যাদা পেয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
মন্ত্রী বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার পাশাপাশি চট্টগ্রাম নগরের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থাও ঢেলে সাজাতে চান তাঁরা। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা বহাল আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।’
মন্ত্রী বলেন, ৫ মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজ আরএ-৩ (ইইউ অ্যাভিয়েশন সিকিউরিটি ভ্যালিডেটেড রেগুলেটেড এজেন্ট) হিসেবে মর্যাদা লাভ করে। ইউরোপীয় দেশগুলোতে কার্গো বিমান পাঠাতে নিরাপত্তা-সম্পর্কিত বাধ্যবাধকতা অনুসারে এই মর্যাদা আবশ্যক। গত ২৪ মার্চ রেডলাইন কাজ শুরুর পর এ পর্যন্ত ১০০ কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, স্বল্প সময়ে রেডলাইন প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে একটি আলাদা নিরাপত্তা এলাকা তৈরি করা হয়। প্রাথমিকভাবে তিনটি এয়ারলাইনসকে ওই জোনের মাধ্যমে কার্গো হ্যান্ডেলিংয়ের জন্য নির্বাচন করা হয়; যারা বাংলাদেশ থেকে কার্গো পরিবহন করতে পারবে। এই তিন এয়ারলাইনস হচ্ছে বাংলাদেশ বিমান, ইতিহাদ ও লুফথানসা।
প্রসঙ্গত, নিরাপত্তাব্যবস্থা নিয়ে অসন্তোষের এক পর্যায়ে ৮ মার্চ ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় যুক্তরাজ্য। এর আগে অস্ট্রেলিয়াও একই সিদ্ধান্ত নেয়। এরপর যুক্তরাজ্যের পরামর্শ নিয়ে নিরাপত্তাব্যবস্থার উন্নয়নের সিদ্ধান্ত নেয় সরকার। একপর্যায়ে যুক্তরাজ্যের প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই ব্রিটিশ কোম্পানি রেডলাইন অ্যাভিয়েশন সিকিউরিটি লিমিটেডকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে নিয়োগ দেওয়া হয়।