আকাশপথেও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ চাইছে ত্রিপুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা এবার আকাশপথে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ-সুবিধা চাইছে। ইতিমধ্যে নৌ ও সড়কপথে ট্রানজিট সুবিধা পেয়েছে রাজ্যটি। গেল বছর আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে পরীক্ষামূলক এবং পরে নিয়মিত ট্রানজিটের চালান গেছে ত্রিপুরায়। এ ছাড়া রেলপথে আখাউড়া-আগরতলা যোগাযোগের প্রক্রিয়াও চলছে। আজ বুধবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে ত্রিপুরা যাচ্ছেন। তাঁর এ সফরে রাজ্য সরকারের পক্ষে প্রাথমিকভাবে আগরতলা-ঢাকা ও আগরতলা-কুমিল্লা রুটে বিমান চলাচলের প্রস্তাব জানানো হবে। ভারতের একাধিক ভাষার দৈনিক সকালবেলা পত্রিকার ত্রিপুরা সংস্করণে গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশিত হয়। পত্রিকাটি ত্রিপুরার টিআইডিসির চেয়ারম্যান ও বিধায়ক পবিত্র করের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে।পত্রিকাটির খবরে বলা হয়, রেলওয়ের পাশাপাশি বিমানপথেও বাংলাদেশের সঙ্গে যোগাযোগের দরজা খুলছে ত্রিপুরা। আগরতলা-ঢাকা এবং আগরতলা-কুমিল্লা আকাশপথে প্রাথমিকভাবে বিমান চলাচলের সম্ভাবনা রয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। পত্রিকাটি জানায়, ভারতের পবনহংস নামের বিমান সংস্থা ২৩ আসনের হেলিকপ্টার দিয়ে প্রাথমিকভাবে পরিষেবাটি শুরু করবে। ত্রিপুরা থেকে সরাসরি ঢাকা ও কুমিল্লা—এ দুটি রুটে চলবে হেলিকপ্টার। বিধায়ক পবিত্র কর ত্রিপুরার সাংবাদিকদের এ তথ্য দিয়ে বলেন, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষে প্রক্রিয়া শুরু হয়েছে। বেশি সমস্যা না থাকলে শিগগিরই তা চালু হবে।