আকাশসীমার নিরাপত্তায় সর্বদা সতর্ক থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল যশোরে বিমানবাহিনী (বিএএফ) একাডেমির প্যারেড গ্রাউন্ডে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ফ্লাইট ক্যাডেট আন্ডার অফিসার মো. আবু হাসান মেহেদিকে ‘সোর্ড অব অনার’ প্রদান করেন l ছবি: আইএসপিআর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল যশোরে বিমানবাহিনী (বিএএফ) একাডেমির প্যারেড গ্রাউন্ডে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ফ্লাইট ক্যাডেট আন্ডার অফিসার মো. আবু হাসান মেহেদিকে ‘সোর্ড অব অনার’ প্রদান করেন l ছবি: আইএসপিআর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আকাশসীমার নিরাপত্তায় সর্বদা সতর্ক নজরদারি রাখতে বিমানবাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে যশোরে বিমানবাহিনী (বিএএফ) একাডেমির প্যারেড গ্রাউন্ডে নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। খবর বাসসের।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা এখন আমাদের প্রিয় মাতৃভূমির সুরক্ষার জন্য পবিত্র দায়িত্ব পালনকারীদের অংশীদার। আমি আশা করি, আপনারা মহান মুক্তিযুদ্ধের ও সত্যিকারের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং পবিত্র সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশের আকাশসীমা মুক্ত রাখার জন্য সর্বদা সতর্ক থাকবেন।’
গতকালের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে বিমানবাহিনীর ৭২ ফ্লাইট ক্যাডেট কোর্সের (এফসিসি) ৪৩ জন ফ্লাইট ক্যাডেট এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ক্যাডেট কোর্সের ৩২ জন অফিসার ক্যাডেটসহ মোট ৭৫ জন কমিশন লাভ করেন। তাঁদের মধ্যে ১১ জন নারী।
অনুষ্ঠানে ফ্লাইট ক্যাডেট আন্ডার অফিসার মো. আবু হাসান মেহেদিকে এফসিসির সর্বক্ষেত্রে সেরা হওয়ায় ‘সোর্ড অব অনার’ এবং সাধারণ সেবা প্রশিক্ষণে সেরা হওয়ায় ফ্লাইট ক্যাডেট মোহাম্মদ আলীকে ‘কমান্ড্যান্ট ট্রফি’ দেওয়া হয়। এ ছাড়া ফ্লাইং একাডেমিতে সেরা হওয়ায় ফ্লাইট ক্যাডেট মুহাম্মদ শাদমান আলী ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং গ্রাউন্ড ব্যাচে সেরা হওয়ায় ফ্লাইট ক্যাডেট মশিউর রহমান ‘বিমানবাহিনী প্রধান ট্রফি’ লাভ করেন। আর ৬৮ অফিসার্স কোর্সের ফ্লাইং অফিসার সাদিয়া বিনতে সিদ্দিক এবং মিথিলা রোয়াজা ফ্লাইং ট্রেনিং কোর্স সফলভাবে শেষ করায় ফ্লাইং ব্যাজ অর্জন করেন।

প্রধানমন্ত্রী কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ করে নারী ক্যাডেটদের অংশগ্রহণের বিষয়ে আনন্দ প্রকাশ করেন। ফ্লাইং ব্যাজ অর্জনকারী দুই নারী পাইলটকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের নারীরা এখন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিমানবাহিনীর আধুনিকায়নে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিমানবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, উদ্ধার তৎপরতা ও ত্রাণসামগ্রী বিতরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমানবাহিনীর পেশাদারি ও কর্তব্যনিষ্ঠা বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার ও বিএএফ একাডেমির কমান্ড্যান্ট এয়ার কমোডর মুহাম্মদ নজরুল ইসলাম তাঁকে স্বাগত জানান।